1
1
সুমিত দে,মধ্যপ্রদেশ:ভিনরাজ্যে কাজ করতে গিয়ে একের পর এক বাঙালি পরিযায়ী শ্রমিকের উপর হামলার ঘটনা আবারও ঘটল। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মালদার কালিয়াচক থানার পাহাড়পুর এলাকার বাসিন্দা সৈয়দ এস কে (৩৭)। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী (ভ্রাম্যমাণ বিক্রেতা)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশে দুষ্কৃতীদের ছুরির আঘাতে সৈয়দ এসকে গুরুতরভাবে আহত হন। আহতকে বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার প্রতি কড়া নজর রাখা হচ্ছে।
ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও ভীতি বিরাজ করছে।
পাশাপাশি, এলাকায় রাজনৈতিক নেতৃত্ব পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, আহত পরিবারকে আইনি ও মানবিক সহায়তা দেওয়া হচ্ছে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও কড়া শাস্তির দাবি তোলা হয়েছে।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই ঘটনার উপর সরব হয়েছেন এবং নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর এই ধরনের হামলা সমাজে উদ্বেগ তৈরি করছে এবং কেন্দ্র ও রাজ্য প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি করছে।