1
1
নিজস্ব প্রতিবেদন:গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জয়ের পর গৌতম গম্ভীর-এর টিম কম্বিনেশন নিয়ে তেমন প্রশ্ন ওঠেনি। কিন্তু সুপার এইটের একটি ম্যাচ হারতেই ছবিটা বদলে গেল। ভারতীয় দলের রণকৌশল ও প্রথম একাদশ নির্বাচন নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অক্ষর প্যাটেলের মতো পরীক্ষিত অলরাউন্ডারকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া, আবার ওপেনিংয়ে ধারাবাহিক ব্যর্থ অভিষেক শর্মা-র উপর ভরসা রাখা—সব মিলিয়ে প্রশ্নের মুখে টিম ম্যানেজমেন্ট।

এই পরিস্থিতিতে ভারতীয় দলের কৌশল নিয়ে প্রকাশ্যে সমালোচনায় মুখ খুলেছেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর ও রবিচন্দ্রন অশ্বিন।
গাভাসকর স্পষ্ট ভাষায় মনে করিয়ে দেন, “২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অক্ষর প্যাটেল ৪৭ রান করে দলকে বড় ধসের হাত থেকে বাঁচিয়েছিল। শুধু ব্যাটেই নয়, বল হাতেও সে ট্রিস্টান স্টাবস ও কুইন্টন ডি ককের গুরুত্বপূর্ণ জুটি ভেঙে দেয়। এমন একজন পারফরমারকে কীভাবে বাদ দেওয়া যায়, তাও আবার দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে?” তাঁর প্রশ্ন, শুধুই ওয়াশিংটন সুন্দরকে খেলানোর জন্য কি অক্ষরকে বসিয়ে রাখা যুক্তিযুক্ত?
গাভাসকর আরও বলেন, “ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলারেরা পরিস্থিতি বুঝে খেলেছে। বল ব্যাটে আসছিল না, তাই শর্ট বল কাজে লাগিয়ে মাঝের উইকেট দিয়ে রান তুলেছে। ওরা ম্যাচের সঙ্গে মানিয়ে নিয়েছে, ভারত সেটা পারেনি।”
অন্যদিকে অশ্বিনের বক্তব্য, “ম্যাচ-আপের চিন্তার জন্য আইপিএল আছে। কিন্তু আইসিসি টুর্নামেন্টে সবচেয়ে জরুরি হল সঠিক টিম কম্বিনেশন। টি-টোয়েন্টি ফরম্যাটে অক্ষর প্যাটেল কতটা কার্যকর, সেটা ভুলে গেলে চলবে না।”

এখন সবচেয়ে বড় প্রশ্ন—আগামী ম্যাচে কি ভারতীয় দলে বদল আসছে? অভিষেক শর্মা টানা তিনটি শূন্যের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২ বলে ১৫ রান করলেও, সেই ইনিংস কি প্রথম একাদশে জায়গা ধরে রাখার জন্য যথেষ্ট? এই প্রশ্ন এখন টিম ম্যানেজমেন্টের অন্দরেও ঘুরপাক খাচ্ছে।
আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি জিম্বাবোয়ে। এই ম্যাচ ভারতের কাছে কার্যত ডু অর ডাই। তাই ওপেনিংয়ে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। গম্ভীরের সহকারী কোচ রায়ান টেন ডুশখাতে ইঙ্গিত দিয়ে বলেছেন, “আগামী কয়েক দিনের মধ্যে সঞ্জু স্যামসন আলোচনার কেন্দ্রে থাকবেন।” এই মন্তব্য থেকেই স্পষ্ট—ওপেনিংয়ে সঞ্জু স্যামসন-কে সুযোগ দিতে গিয়ে অভিষেককে বাদ দেওয়ার কঠোর সিদ্ধান্ত নিতে পারে ভারত।
সব মিলিয়ে, সুপার এইটে হারের পর ভারতীয় শিবিরে চাপ স্পষ্ট। গম্ভীর-টিম কি শেষ পর্যন্ত সাহসী বদলের পথে হাঁটবে, নাকি পুরনো কম্বিনেশনেই ভরসা রাখবে—সেটাই এখন।
