1
1
সুমিত দে,কলকাতা:
রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬০ লক্ষ মানুষের নাম বর্তমানে “Under Adjudication” তালিকায় রয়েছে। অভিযোগ, এদের মধ্যে বহু নাগরিকের নাম আগেই চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল।
এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও নাগরিক সমাজের একাংশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, যদি প্রকৃত নাগরিকদের নামই অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা হয়, তবে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে শুভ লক্ষণ নয়। ভোটাধিকার সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার—এমন দাবি তুলে তাঁরা বলেন, প্রশাসনিক জটিলতার কারণে কোনও নাগরিকের অধিকার খর্ব হওয়া উচিত নয়।
বিশেষজ্ঞদের মতে, নির্বাচন প্রক্রিয়া হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মানবিক। নাম যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে প্রয়োজন যথাযথ নথিপত্র পর্যালোচনা এবং সময়মতো নিষ্পত্তি। দীর্ঘদিন ধরে নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ অবস্থায় ঝুলে থাকলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও অনিশ্চয়তা তৈরি হতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিয়ম মেনেই যাচাই প্রক্রিয়া চলছে এবং যোগ্য ব্যক্তিদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে বিরোধী শিবিরের দাবি, দ্রুত ও স্বচ্ছ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হোক।
গণতন্ত্রের ভিত্তি হিসেবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সাধারণ মানুষও নজর রাখছেন পরিস্থিতির দিকে। তাঁদের আশা, সাংবিধানিক অধিকার সুরক্ষিত রেখেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।