1
1
আন্তর্জাতিক ডেস্ক:মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার আবহে বড় সামরিক ঘটনার দাবি সামনে এল। শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে ইরানের একটি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন থেকে টরপেডো হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। হামলায় ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ IRIS Dena ডুবে গিয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, হামলার একটি ভিডিও হোয়াইট হাউসের সরকারি এক্স (X) হ্যান্ডেল থেকেও প্রকাশ করা হয়েছে। যদিও ঘটনার পূর্ণাঙ্গ স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি।
ভারত থেকে মহড়া শেষে ফিরছিল জাহাজ
জানা গিয়েছে, ইরানের যুদ্ধজাহাজ IRIS Dena সম্প্রতি ভারতে অনুষ্ঠিত International Fleet Review 2026-এ অংশ নিয়েছিল। ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই আন্তর্জাতিক নৌ-মহড়ায় বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ অংশ নেয়। মহড়া শেষে নিজ দেশে ফেরার পথেই হামলার ঘটনা ঘটে বলে দাবি।
এর আগে ভারতের ইস্টার্ন নাভাল কমান্ড বিশাখাপত্তনম বন্দরে জাহাজটির আগমনের ছবি ও স্বাগত বার্তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিল।
সাবমেরিন থেকে টরপেডো হামলার অভিযোগ
পেন্টাগনের দাবি, মার্কিন সাবমেরিন থেকেই আক্রমণ চালানো হয়। শ্রীলঙ্কার গাল উপকূলের কাছে ভয়াবহ বিস্ফোরণের পর জাহাজটি দ্রুত ডুবে যায়।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী—
অন্তত ১০১ জন নৌসেনা নিখোঁজ
৭৮ জন আহত, তাঁদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক
বিস্ফোরণের পর সমুদ্র থেকে কয়েকজন সেনার দেহ উদ্ধার করা হয়েছে
উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা
ঘটনার পরপরই শ্রীলঙ্কা নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। দেশটির বিদেশমন্ত্রী বিজিতা হেরাথ জানিয়েছেন, নিখোঁজ প্রায় ১৮০ জন নাবিকের মধ্যে অন্তত ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে সমুদ্র ও আকাশপথে তল্লাশি চলছে।
শ্রীলঙ্কা নৌবাহিনী উদ্ধারকাজে জাহাজ ও নজরদারি বিমান মোতায়েন করেছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক মহলে উদ্বেগ
এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরান-ইজরায়েল সংঘাতের আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ।