1
1
শ্রেয়া সেনগুপ্ত,কলকাতা:নির্বাচনের প্রাক্কালে কেন্দ্র-রাজ্য আর্থিক সম্পর্ক ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকার রাজ্যকে কত বরাদ্দ দিয়েছে, তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিতে সরব হয়েছে শাসক দল। অথচ সেই শ্বেতপত্র প্রকাশ না করেই ভিডিও বার্তায় ১০ বছরে ৬ লক্ষ কোটি টাকা দেওয়ার দাবি তুলল বঙ্গ বিজেপি।
শ্বেতপত্রের দাবি কার?
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রের কাছে বিস্তারিত হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র কাছেও শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।
শাসক দলের দাবি, গত পাঁচ বছরে প্রায় ২ লক্ষ কোটি টাকা কেন্দ্রের তরফে বকেয়া রয়েছে, যার উল্লেখ নেই বিজেপির সাম্প্রতিক প্রচার ভিডিওতে।

কী দাবি বিজেপির ভিডিওতে?
বুধবার বঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দাবি করা হয়, গত ১০ বছরে কেন্দ্রীয় সরকার রাজ্যকে ৬ লক্ষ কোটি টাকা দিয়েছে। ভিডিওতে আরও বলা হয়, রাজ্যের আর্থিক সঙ্গতির বড় অংশই নাকি কেন্দ্রীয় বরাদ্দের উপর নির্ভরশীল।
তবে সমালোচকদের বক্তব্য, ভিডিওতে ওই ৬ লক্ষ কোটি টাকা কোন খাতে, কোন অর্থবর্ষে বা কী প্রকল্পের অধীনে দেওয়া হয়েছে— তার কোনও নির্দিষ্ট তথ্য নেই।

রাজনৈতিক তরজা তুঙ্গে
শাসক দলের অভিযোগ, শ্বেতপত্র প্রকাশ না করে নির্বাচনের আগে ‘ফাঁকা তথ্য’ দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে বিজেপির বক্তব্য, কেন্দ্রীয় সরকার নিয়ম মেনেই রাজ্যকে বরাদ্দ দিয়েছে এবং সেই তথ্য জনসমক্ষে তুলে ধরা হচ্ছে।
শ্বেতপত্র প্রকাশ নিয়ে কেন্দ্র ও রাজ্যের এই চাপানউতোর আগামী দিনে আরও তীব্র হবে বলেই রাজনৈতিক মহলের ধারণা।