1
1
শ্রেয়া সেনগুপ্ত, মুম্বাই:জীবনের নতুন ইনিংস শুরু করলেন Arjun Tendulkar। পাত্রী Sania Chandok-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। সোশ্যাল মাধ্যমে প্রকাশ্যে এসেছে নবদম্পতির বিয়ের ছবি, যা ইতিমধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের।
মুম্বই তথা গোটা দেশ তখন ব্যস্ত ICC Men’s T20 World Cup-এর সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ নিয়ে। সেই দিনেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন কিংবদন্তি ক্রিকেটার Sachin Tendulkar-এর পুত্র অর্জুন।

বিয়ের দিন কনের সাজ ছিল একেবারে সাবেকি। লেহঙ্গা বা প্যাস্টেল রঙের বলিউডি ট্রেন্ডে না গিয়ে লাল সিল্কের শাড়িতেই ধরা দেন সানিয়া। শাড়িজুড়ে ছিল চুমকি ও পাথরের সূক্ষ্ম কারুকাজ, আর চওড়া পাড়ে ভারী নকশা। ব্লাউজ়ে রুপালি জরির জমকালো কাজের পাশাপাশি হাতা ও কোমরের কাছে ঝুলছিল মুক্তোর ঝালর।
সাজ ছিল সংযত, কিন্তু গয়নাতেই ছিল আসল চমক। গলায় হিরে ও পান্না বসানো চওড়া নেকপিস, কানে আয়তকার পান্নার চারপাশে হিরে বসানো দুল, আর মাথায় হিরের টিকলি। হাতে সাবেকি নিয়মে সবুজ ও লাল চুড়ি। খোলা চুল ও হালকা মেকআপে মোহময়ী লাগছিল কনেকে। লক্ষণীয় বিষয়— কনের সাজে দেখা যায়নি মাথার ওড়না।
কনের সঙ্গে রংমিলিয়ে সাজেন বরও। অর্জুনের পরনে ছিল লাল রঙের কুর্তা ও ঝকমকে হাঁটুঝুল জ্যাকেট। জ্যাকেটজুড়ে রুপালি জরির নকশা, জারদৌসি ও রেশমের ফুলেল কারুকাজ তাঁর পোশাকে আলাদা মাত্রা যোগ করেছে। সঙ্গে ছিল হলদেটে-সাদা রঙের স্ট্রেট কাট ট্রাউজ়ার্স।
ছেলের বিয়েতে আলাদা নজর কেড়েছেন সচিনও। তাঁর পরনে ছিল সাদা শেরওয়ানি, যার উপর সোনালি ও রুপালি চুমকির সূক্ষ্ম কাজ। অন্যদিকে সচিনের স্ত্রী Anjali Tendulkar-এর পরনে ছিল উজ্জ্বল গোলাপি রঙের বন্ধেজ শাড়ি। চওড়া পাড়জুড়ে গোটাপট্টি ও চুমকির ভরাট নকশা, সঙ্গে কুন্দনের গয়না।

ভাইয়ের বিয়েতে নজর কেড়েছেন Sara Tendulkar-ও। তাঁর পরনে ছিল হালকা গোলাপি সিল্কের শাড়ি, পাড়জুড়ে গোটাপট্টির সূক্ষ্ম কাজ। সঙ্গে কুন্দনের গয়নায় সাজ সম্পূর্ণ করেন তিনি। ভারী শাড়ি ও জমকালো গয়নায় ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।