Popular Posts

ভোটাধিকার রক্ষার লড়াই চলবে শেষ রক্তবিন্দু পর্যন্ত: ধরনামঞ্চ থেকে দৃঢ় বার্তা মুখ্যমন্ত্রীর

সুমিত দে, কলকাতা:গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার দাবিতে চলা আন্দোলনের দ্বিতীয় দিনে ধরনামঞ্চ থেকে দৃঢ় বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee। রবিবার তিনি জানান, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে কোনও চক্রান্তের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তিনি।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে কবিগুরু Rabindranath Tagore–এর একটি পংক্তি উদ্ধৃত করে বলেন—
“মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান।”


মুখ্যমন্ত্রীর অভিযোগ, একচেটিয়া ক্ষমতার লালসায় অন্ধ হয়ে বিজেপি বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তাঁর দাবি, রাজনৈতিক স্বার্থে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশাপাশি মতুয়া, গোর্খা ও আদিবাসী সম্প্রদায়ের মানুষদের লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অপরিকল্পিত SIR প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের এই চক্রান্তের বিরুদ্ধেই রাজপথে নেমেছেন বাংলার সাধারণ মানুষ।
ধরনার দ্বিতীয় দিনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাঁকে নতুন করে অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি। তাঁর কথায়, “আমার শিরদাঁড়া আজন্মকাল সোজা। কোনও স্বেচ্ছাচার বা অন্যায়ের সামনে আমি কখনও মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না। মানুষের স্বার্থে এবং ভোটাধিকার রক্ষার জন্য আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”


জাতি, ধর্ম, বর্ণ বা গোষ্ঠী নির্বিশেষে বাংলার প্রতিটি মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও পুনরায় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
ধরনামঞ্চ থেকে তিনি সকলকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষের অধিকার রক্ষার এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শেষে তাঁর বার্তা—
“লড়াইয়ে থাকুন, প্রতিবাদে থাকুন। নিজেদের অধিকার বুঝে নিতে মা-মাটি-মানুষের পাশে থাকুন। জয় বাংলা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *