1
1
জনস্বার্থে প্রচারিত:সাম্প্রতিক সময়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’ নামে একটি নতুন ধরনের সাইবার প্রতারণা নিয়ে মানুষকে সতর্ক করেছে Reserve Bank of India (আরবিআই)। বিভিন্ন সাইবার জালিয়াত চক্র ফোন বা অনলাইন মাধ্যমে নিজেদের পুলিশ, আরবিআই বা অন্য কোনও সরকারি সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে এবং টাকা বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
আরবিআই স্পষ্টভাবে জানিয়েছে, “ডিজিটাল অ্যারেস্ট” বলে কোনও আইনি ব্যবস্থা বাস্তবে নেই। অর্থাৎ ফোন, ভিডিও কল বা অনলাইন মেসেজের মাধ্যমে কাউকে কখনও গ্রেপ্তার করা যায় না। এই ধরনের দাবি সম্পূর্ণ ভুয়ো এবং প্রতারণার ফাঁদ।

কীভাবে প্রতারণা করা হয়
সাইবার অপরাধীরা সাধারণত ফোন বা ভিডিও কল করে দাবি করে যে আপনার নামে কোনও অপরাধের মামলা হয়েছে। এরপর ভয় দেখিয়ে বলা হয় যে, তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে হবে বা ব্যক্তিগত ও ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য দিতে হবে, নইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনেক ক্ষেত্রেই তারা সরকারি সংস্থার নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে।
কীভাবে সতর্ক থাকবেন
আরবিআই নাগরিকদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার পরামর্শ দিয়েছে—
ফোন বা মেসেজের মাধ্যমে কাউকে গ্রেপ্তার করা যায় না
অপরিচিত ব্যক্তিকে কখনও ব্যাঙ্কের তথ্য, OTP বা ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না
সন্দেহজনক কল এলে কলকারীর পরিচয় যাচাই করুন
প্রয়োজনে সরাসরি ব্যাঙ্ক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন

কোথায় অভিযোগ করবেন
যদি এই ধরনের প্রতারণার শিকার হন বা সন্দেহজনক কল পান, তাহলে সঙ্গে সঙ্গে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও National Cyber Crime Reporting Portal–এর ওয়েবসাইটে (www.cybercrime.gov.in�) গিয়েও অভিযোগ দায়ের করা যাবে।
আরও বিস্তারিত তথ্য জানতে আরবিআইয়ের সচেতনতা পোর্টাল “RBI Kehta Hai”–এও নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরবিআইয়ের বার্তা:
জেনে রাখুন, সতর্ক থাকুন এবং সাইবার প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখুন।