1
1
সুমিত দে,নয়াদিল্লি: বাংলার ভোটার তালিকা থেকে ন্যায্য ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবি জানাল শাসকদল তৃণমূল কংগ্রেস। সোমবার সংসদের দুই কক্ষেই এই ইস্যুতে সরব হন তৃণমূলের সাংসদরা। তবে আলোচনার জন্য প্রস্তাব গ্রহণ না করায় রাজ্যসভার অধিবেশন বয়কট করেন তারা।
সোমবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে, যা চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত। অধিবেশন শুরু হওয়ার পরই লোকসভা ও রাজ্যসভায় ভোটার তালিকা থেকে ‘যথেচ্ছভাবে নাম বাদ’ দেওয়ার অভিযোগ তুলে আলোচনা চেয়ে প্রস্তাব দেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করা তো দূরের কথা, আলোচনার তালিকাতেও অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ তৃণমূলের।

এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে রাজ্যসভার অধিবেশন বয়কট করেন তৃণমূল সাংসদরা। অন্যদিকে সোমবার দু’দফায় লোকসভার অধিবেশন মুলতবি হয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে সেখানে আলোচনার সুযোগই তৈরি হয়নি।
রাজ্যসভার সাংসদ Sagarika Ghose বলেন, বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে টানা চারদিন ধরে রাস্তায় আন্দোলনে নেমেছেন দলের নেত্রী Mamata Banerjee। অথচ সেই গুরুত্বপূর্ণ সময়ে সংসদে দেওয়া তৃণমূল সাংসদদের ২৬৭ ধারার নোটিশটি রাজ্যসভায় পড়ারও সুযোগ দেওয়া হয়নি।

তাঁর কথায়, “বাংলার মানুষের অধিকার রক্ষার প্রশ্নে আমরা বিষয়টি সংসদে তুলতে চেয়েছিলাম। কিন্তু আলোচনার সুযোগ না দেওয়ায় প্রতিবাদস্বরূপ আমরা রাজ্যসভার অধিবেশন বয়কট করেছি।”
তৃণমূলের অভিযোগ, বাংলার ভোটার তালিকা থেকে বিভিন্ন অজুহাতে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। সেই বিষয়টি নিয়েই সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানিয়েছে তারা।
