1
1
শ্রেয়া সেনগুপ্ত, বনগাঁ:পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে রান্নার গ্যাসের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এই পরিস্থিতিতে কোনওভাবেই রান্নার গ্যাসের কালোবাজারি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কোথাও অবৈধভাবে গ্যাস মজুতের খবর মিললে প্রয়োজনে সেই সিলিন্ডার বাজেয়াপ্ত করে সাধারণ মানুষের মধ্যে বিলি করা হবে।
মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই রাজ্যের বিভিন্ন জেলায় সক্রিয় হয়েছে পুলিশ ও প্রশাসন। অবৈধভাবে রান্নার গ্যাস সিলিন্ডার মজুতের অভিযোগে এবার গ্রেফতার করা হল এক ব্যক্তিকে।
বুধবার সকালে বনগাঁ পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং গোপালনগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। গোপালনগর থানার চালকি এলাকা থেকে বিশু শেখ নামে এক ব্যক্তিকে ১৮টি গ্যাস ভর্তি সিলিন্ডারসহ গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নিজের বাড়িতে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুত করে রেখেছিল। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই সিলিন্ডারগুলো অবৈধভাবে জমিয়ে রেখে গ্যাস চালিত গাড়িতে ভরার কাজে ব্যবহার করা হচ্ছিল।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।