1
1
বঙ্গ Live কলকাতা desk:রাজনৈতিক মতভেদ থাকলেও সৌজন্য ও সম্মানের জায়গায় যে তিনি আপস করেন না, তা আবারও প্রমাণ করলেন Mamata Banerjee। বৃহস্পতিবার লোকভবনে বাংলার নবনিযুক্ত রাজ্যপাল R. N. Ravi-র শপথগ্রহণ অনুষ্ঠানে বিরোধী শিবিরের বর্ষীয়ান নেতা Biman Bose-কে সামনে এনে বসিয়ে রাজনৈতিক সৌজন্যের এক উজ্জ্বল নজির গড়লেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে তৃতীয় সারিতে বসেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তা নজরে পড়তেই তাঁর দিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী। হাসিমুখে বলেন, “বিমানদা, পিছনে কেন? আপনি সামনে আসুন না।” এরপর নিজে উদ্যোগ নিয়ে প্রথম সারিতে বসার ব্যবস্থা করে দেন তাঁকে।

মুখ্যমন্ত্রীর ঠিক পাশের আসনটি ছিল কলকাতার মেয়র তথা মন্ত্রী Firhad Hakim-এর জন্য নির্ধারিত। তবে অনুষ্ঠানে পৌঁছে জরুরি প্রয়োজনে বাইরে যেতে হওয়ায় তাঁর আসনটি খালি ছিল। সেই চেয়ার থেকেই মেয়রের নামফলক সরিয়ে নিজ হাতে বিমান বসুকে বসার আমন্ত্রণ জানান মমতা।
শুধু সামনে বসার ব্যবস্থা করাই নয়, বর্ষীয়ান বাম নেতার শারীরিক অবস্থার খোঁজও নেন তিনি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধের এই ছবি উপস্থিতদের নজর কেড়েছে।
উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা Suvendu Adhikari। বিজেপির তরফে উপস্থিত ছিলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, এর আগেও রাজভবনের বিভিন্ন অনুষ্ঠানে বিমান বসুর সঙ্গে দেখা হলে তাঁকে সম্মান জানাতে এগিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের ঘটনাও সেই রাজনৈতিক সৌজন্যের ধারাবাহিকতাকেই আরও একবার সামনে আনল।