Popular Posts

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কর্মী

শ্রেয়া সেনগুপ্ত দিনহাটা: ভোট ঘোষণার রাতেই কোচবিহারের দিনহাটায় আক্রান্ত হলেন যুব তৃণমূল কংগ্রেসের এক কর্মী। রবিবার রাতে দিনহাটার ভিলেজ–২ গ্রাম পঞ্চায়েত এলাকায় যুব তৃণমূল কর্মী সায়ন চট্টোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সায়ন ওই এলাকার একটি বুথের যুব তৃণমূল সভাপতির দায়িত্বে রয়েছেন। অভিযোগ, রবিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। এরপর তাঁকে মারধর করা হয় এবং ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়।


সায়নের অভিযোগ, হামলার সঙ্গে বিজেপির কয়েকজন কর্মী জড়িত। তাঁর দাবি, ভিলেজ–১ অঞ্চলের সভাপতি পরিমল বর্মনের ভাই প্রদীপ বর্মন এবং অঞ্চল কনভেনার দীপেন চক্রবর্তীর শ্যালক এই হামলার সঙ্গে যুক্ত। তাঁদের বিরুদ্ধে প্রাণনাশের চেষ্টা করার অভিযোগও তুলেছেন তিনি।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত সায়নকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
অন্যদিকে, বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কারা এই হামলার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। এই ঘটনা রাজনৈতিক কোন্দল নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ভোটের মুখে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
প্রসঙ্গত, রবিবারই পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আসন্ন নির্বাচন হিংসামুক্ত ও শান্তিপূর্ণ করার জন্য কড়া নজরদারি থাকবে। তবে ভোট ঘোষণার রাতেই দিনহাটার এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *