Popular Posts

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

সুমিত দে, কলকাতা:ভোট ঘোষণার পর Election Commission of India-এর নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানোর ২৪ ঘণ্টার মধ্যেই তাঁদের নতুন দায়িত্ব দিল নবান্ন। সোমবার কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে এই পুনর্বিন্যাসের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মুখ্যসচিব পদ থেকে অপসারিত নন্দিনী চক্রবর্তীকে মুখ্যমন্ত্রীর দফতরে উন্নয়নমূলক কাজের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আপাতত রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমন্বয়ের কাজই দেখবেন তিনি।


অন্যদিকে, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সচিব জগদীশ প্রসাদ মীনাকে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে পরিষদীয় দফতরের সচিব, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব এবং মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব হিসেবেও নিয়োগ করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেও প্রশাসনিক কাজ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ স্তরেও বড়সড় রদবদল করেছে নির্বাচন কমিশন। কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরানো হয়েছে সুপ্রতিম সরকারকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ১৯৯৬ ব্যাচের আইপিএস অজয়কুমার নন্দকে।

দায়িত্ব গ্রহণের নির্ধারিত সময়ের আগেই তিনি লালবাজারে পৌঁছলেও কিছুক্ষণ পরে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়।
রাজ্য পুলিশের ডিজি পদ থেকেও সরানো হয়েছে পীযূষ পাণ্ডেকে। তাঁকে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা করা হয়েছে। নতুন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিদ্ধিনাথ গুপ্ত।


অপসারিত কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে এডিজি (সিআইডি) এবং অতিরিক্তভাবে এডিজি (আইবি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা দফতরেও পরিবর্তন আনা হয়েছে— এতদিনের ডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েলকে রাজ্য গোয়েন্দা শাখার ডিজি করা হয়েছে। তাঁর জায়গায় এডিজি (আইনশৃঙ্খলা) হিসেবে দায়িত্ব পেয়েছেন অজয় মুকুন্দ রানাডে।


কারা দফতরেও রদবদল করা হয়েছে। ডিজি (কারা) পদে দায়িত্ব পেয়েছেন নটরাজন রমেশ বাবু। মনোজ বর্মাকে এডিজি (অতিরিক্ত নিরাপত্তা অধিকর্তা) এবং লক্ষ্মীনারায়ণ মীনাকে এডিজি (কারা) পদে নিয়োগ করা হয়েছে।
সকালেই নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছিল, যাঁদের পদ থেকে সরানো হয়েছে তাঁদের নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও ভোট-সংক্রান্ত দায়িত্বে রাখা যাবে না। সেই নির্দেশ মেনেই এই নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে জানিয়েছে নবান্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *