1
1
সুমিত দে, কলকাতা:বিধানসভা ভোটের আগে নির্বাচন প্রক্রিয়া আরও কড়া নজরদারিতে আনতে রাজ্যে আসছেন ভিনরাজ্যের পুলিশ পর্যবেক্ষকরা। Election Commission of India-এর নির্দেশে আজই পশ্চিমবঙ্গে পৌঁছচ্ছেন মোট ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিহার, তেলেঙ্গানা, দিল্লি, পাঞ্জাব ও গুজরাত-সহ একাধিক রাজ্য থেকে এই পর্যবেক্ষকদের পাঠানো হচ্ছে। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা এবং নির্বাচন সংক্রান্ত অভিযোগের উপর নজর রাখাই হবে তাঁদের প্রধান দায়িত্ব।

জেলা ভিত্তিক দায়িত্ব বণ্টনও ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ৮টি জোনে থাকবেন ৮ জন পুলিশ পর্যবেক্ষক। উত্তর ২৪ পরগনার দায়িত্বে থাকছেন ১১ জন। উত্তর কলকাতায় ৩ জন এবং দক্ষিণ কলকাতায় ১ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। মুর্শিদাবাদ ও মালদা জেলায় থাকবেন ৩ জন করে পর্যবেক্ষক।
এদিকে, রাজ্যজুড়ে সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা রাখা হয়েছে ২৯৪। নির্বাচন কমিশনের লক্ষ্য, ভোট প্রক্রিয়ার প্রতিটি স্তরে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং সম্ভাব্য অশান্তি বা অনিয়ম আগেভাগেই চিহ্নিত করা।

নির্বাচন কমিশনের মতে, কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা মাঠপর্যায়ে কমিশনের প্রতিনিধির ভূমিকা পালন করেন এবং তাঁদের রিপোর্টের ভিত্তিতেই ভোট পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ভোট যত এগোচ্ছে, ততই প্রশাসনিক নজরদারি বাড়াচ্ছে কমিশন।