Popular Posts

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

অভিমন্যু সেনগুপ্ত, কলকাতা:আইপিএল (IPL) শুরুর আগে প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর (KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় পৌঁছতে শুরু করেন দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। বুধবার বিকেলে ইডেন গার্ডেন্সে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করে অজিঙ্ক রাহানে নেতৃত্বাধীন নাইট শিবির।
প্রথম দিনের অনুশীলনে দেশীয় ক্রিকেটারদের উপস্থিতিই ছিল বেশি। অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, মনীশ পাণ্ডে, বৈভব আরোরা, অনুকূল রায় ও রাহুল ত্রিপাঠির সঙ্গে অনুশীলনে দেখা যায় নতুন মুখ তেজস্বী দাহিয়া, সার্থক রঞ্জন এবং দক্ষ কামরাকে।


দল সূত্রে খবর, বরুণ চক্রবর্তী বৃহস্পতিবার কলকাতায় পৌঁছবেন। আকাশ দীপও দু’-তিন দিনের মধ্যে শিবিরে যোগ দেবেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইতিমধ্যেই দলে যোগ দিয়েছেন ব্লেসিং মুজরাবানী। আগামীকাল কলকাতায় আসার কথা নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার—টিম সাইফার্ট, ফিন অ্যালেন ও টিম সাউদি। পাশাপাশি রাচিন রবীন্দ্রও শিবিরে যোগ দেবেন।


অন্যদিকে আন্তর্জাতিক বিমান চলাচলের জটিলতার কারণে এখনও কলকাতায় পৌঁছতে পারেননি সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও রোভম্যান পাওয়েল। বিকল্প রুটে তাঁদের আনার চেষ্টা চলছে। সব ঠিক থাকলে ২৪ মার্চের মধ্যে তাঁরা দলে যোগ দিতে পারেন। ক্যামেরন গ্রিনের ২৮ মার্চ আসার সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অনুমতি মিললে দ্রুতই যোগ দেবেন মাথিশা পাথিরানাও।
নতুন জার্সিতে ইডেনের আলোয় অনুশীলনে নেমে পড়েন নাইট ক্রিকেটাররা। অনুশীলনের শুরুতে দলের নতুন কোচ অভিষেক নায়ার ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন। এতদিন নাইটদের থিঙ্ক ট্যাঙ্কের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করার পর এবার কোচের দায়িত্বে দেখা যাবে তাঁকে। যদিও এদিন ঐতিহ্যবাহী ‘উইকেট পুজো’ অনুষ্ঠিত হয়নি।


এদিকে ইনজুরি সমস্যার কারণে বিকল্প খেলোয়াড়ের খোঁজও শুরু করেছে কেকেআর। ট্রায়ালে দেখা যায় সন্দীপ ওয়ারিয়র, কে এম আসিফ ও শিমারজিৎ সিংকে।
আগামী ২৫ মার্চ মুম্বই রওনা দেবে নাইট শিবির।
এবার দলের স্লোগান— “প্রথম ভালোবাসা, আমি কেকেআর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *