1
1
বঙ্গ Live কলকাতা ডেস্ক
যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। এই পরিস্থিতিতে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিল তেহরানে অবস্থিত Embassy of India, Tehran। ক্রমশ জটিল হয়ে ওঠা পরিস্থিতির জেরে কেন্দ্রীয় সরকারও উদ্বিগ্ন।
দূতাবাসের জারি করা বিশেষ নির্দেশিকায় বলা হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিককে যত দ্রুত সম্ভব দেশ ছাড়ার ব্যবস্থা করতে হবে। তবে কোন পথে ইরান ছাড়া হবে, সে বিষয়ে অবশ্যই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে বলা হয়েছে। দূতাবাসের অনুমতি বা নির্দেশ ছাড়া কোনও আন্তর্জাতিক সীমান্তের দিকে এগোনোর চেষ্টা না করারও কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

যে কোনও জরুরি পরিস্থিতিতে তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সাহায্যের জন্য একাধিক হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। নম্বরগুলি হল – +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২ এবং +৯৮৯৯৩২১৭৯৩৫৯।
এদিকে ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে যুদ্ধবিরতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। তাঁর প্রস্তাব অনুযায়ী, আগামী দু’সপ্তাহ United States ও Iran-এর মধ্যে কোনও সামরিক অভিযান চালানো হবে না।
সূত্রের খবর, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১০ এপ্রিল Islamabad-এ বৈঠকে বসতে পারে Iran ও United States। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।