1
1
বঙ্গ Live কলকাতা: ডেস্ক
বিধানসভা ভোটের আগেই বড় ধাক্কার মুখে নির্দল প্রার্থী রাজন্যা হালদার। আসানসোল দক্ষিণ কেন্দ্রের জন্য তাঁর জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল হয়েছে। একসময় তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা রাজন্যা এবারের বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে আসানসোল দক্ষিণ ও সোনারপুর দক্ষিণ—এই দুই কেন্দ্র থেকেই মনোনয়ন জমা দিয়েছিলেন।
স্ক্রুটিনির সময় আসানসোল দক্ষিণ কেন্দ্রের মনোনয়ন বাতিল হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন রাজন্যা। তাঁর অভিযোগ, মনোনয়ন জমা দিতে গিয়ে পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করা হয়েছিল।
রাজন্যার দাবি, ৬ এপ্রিল মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তাঁর ১০ জন প্রস্তাবকের মধ্যে ছ’জন মাঝপথে আটকে পড়েন। পরে নতুন করে অন্য ছ’জন প্রস্তাবক মহকুমাশাসকের দফতরে পৌঁছলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে তাঁদের মনোনয়ন কক্ষে ঢুকতে দেওয়া হয়নি।

এই ঘটনার পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলেই অভিযোগ তুলেছেন তিনি। রাজন্যার আরও দাবি, একই দিনে জামুড়িয়ার এক প্রার্থী বিকেল ৫টার সময় প্রস্তাবক নিয়ে পৌঁছেও মনোনয়ন জমা দিতে পেরেছেন।
ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং পশ্চিম বর্ধমানের জেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েছেন রাজন্যা। পাশাপাশি, প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, আসানসোল কেন্দ্রের মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়েছে এবং স্ক্রুটিনির প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। অন্যদিকে সোনারপুর দক্ষিণ কেন্দ্রের স্ক্রুটিনি হবে ১০ এপ্রিল। সেই কেন্দ্রের মনোনয়নের ভবিষ্যৎ কী দাঁড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
সোনারপুর দক্ষিণে মনোনয়ন জমা দেওয়ার সময় ব্যাঙ্ক সংক্রান্ত কিছু জটিলতার মুখেও পড়তে হয়েছিল রাজন্যাকে। পরে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সব মিলিয়ে ভোটের আগেই এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।