1
1
সুমিত দে,বসিরহাট: ২০২৬ – ভোটের মুখে তৃণমূল কংগ্রেসে ফের ফিরলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। রবিবার বসিরহাট জেলা দলীয় কার্যালয়ে তিনি দলের পতাকা হাতে তুলে নেন, যা শাসক দলের জন্য নতুন শক্তি যোগ করেছে।
দীপেন্দুর রাজনীতি নতুন নয়। ২০১৪ সালে তিনি তৃণমূলের প্রতীকে ভোটে লড়েছিলেন, তবে হেরেছিলেন। ২০১৬ সালে একই বিধানসভা থেকে নির্বাচিত হয়ে বিধায়ক হন। ২০২১ সালে দল টিকিট না দেওয়ায় তিনি দল বদল করে বিজেপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু এক বছরের মধ্যেই পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে ফিরে আসেননি। এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আবারও তৃণমূলে যোগদান করলেন তিনি।
দীপেন্দু বিশ্ব বাংলা সংবাদকে বলেছেন, “আমি এর আগেও তৃণমূলের বিধায়ক ছিলাম। সেই সময় বসিরহাটের উন্নয়ন কী হয়েছিল সবাই জানে। আমাদের লক্ষ্য সেই উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। ভোটে লড়ব কিনা সেটা নেতৃত্ব ঠিক করবে।”
দীপেন্দুর সঙ্গে এদিন তৃণমূলে যোগ দিয়েছেন বসিরহাটের প্রভাবশালী কংগ্রেস নেতা কাদের সরদার এবং পার্থ সারথী বোস, যিনি একসময় তৃণমূল ছাড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এছাড়া আইএসএফ সহ আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা তৃণমূলে যোগ দিয়েছেন। এই যোগদানগুলি তৃণমূলের জন্য বসিরহাটে নতুন রাজনৈতিক শক্তি যোগ করেছে।
বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি মুকাদ্দিম লিটনের নেতৃত্বে এদিনের যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্লেষকরা মনে করছেন, ভোটের আগে দীপেন্দুর ফেরার ঘটনা শাসক দলের জন্য এক বড় রাজনৈতিক জোরদারী হিসেবে দেখা যাচ্ছে।