1
1
সুমিত দে, হাওড়া: প্রশাসনের তরফে অনলাইন জুয়া ও বেআইনি বেটিং চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত। সেই অভিযানেই হাওড়া থেকে গ্রেপ্তার হল এক অভিযুক্ত। ধৃতের নাম প্রতীক পিঞ্চা। তিনি বর্তমানে হাওড়া-র শিবপুর এলাকার গঙ্গেস গার্ডেনে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আদতে রাজস্থানের বিকানেরের বাসিন্দা। প্রায় চার বছর আগে তিনি হাওড়ায় আসেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে কাগজের ব্যবসায়ী বলে দাবি করেছেন। তবে তদন্তে উঠে এসেছে, এর আড়ালেই তিনি বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি বেটিং সিন্ডিকেট পরিচালনা করছিলেন।

মোবাইলেই মিলল চক্রের হদিশ
তল্লাশিতে অভিযুক্তের মোবাইল ফোন থেকে একাধিক বেটিং অ্যাপ্লিকেশন পাওয়া গিয়েছে। পাশাপাশি তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তাঁর হেফাজত থেকে হোটেল সেন্টোর-এর একটি ঘরের চাবিও পাওয়া গেছে। ওই ঘরটি বেটিং চক্রের কাজে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মামলা রুজু, পুলিশ হেফাজতে অভিযুক্ত
এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। আদালতে পেশ করার পর অভিযুক্তকে ২ মার্চ ২০২৬ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ হেফাজতে নিয়ে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
প্রশাসনিক মহলের বক্তব্য, অনলাইন বেটিং ও আর্থিক প্রতারণার বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
