1
1
সুমিত দে, মহারাষ্ট্র:গুরুতর অসুস্থ হয়ে রবিবার সকালে পুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন এই বর্ষীয়ান রাজনীতিক। বাড়িতে থাকলেও তিনি নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণেই ছিলেন। তবে গত কয়েক দিন ধরে সর্দি, কাশি ও শ্বাসকষ্টের সমস্যা বাড়তে থাকায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ৮৫ বছর বয়সি এই নেতা ডিহাইড্রেশনে ভুগছেন। পাশাপাশি কাশি ও গলায় সংক্রমণের সমস্যাও রয়েছে। সেই কারণেই তাঁকে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বেগের মতো কোনও গুরুতর জটিলতা ধরা পড়েনি।
চিকিৎসকরা জানিয়েছেন, শরদ পাওয়ারের সমস্ত মেডিক্যাল রিপোর্ট সন্তোষজনক। সতর্কতামূলক কারণেই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদি শারীরিক অবস্থার উন্নতি এভাবেই বজায় থাকে, তাহলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
উল্লেখ্য, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দেশের অন্যতম অভিজ্ঞ রাজনীতিক হিসেবে পরিচিত শরদ পাওয়ার দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এনসিপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে দলীয় কাজকর্মেও ধীরে ধীরে তিনি ফিরবেন।

এনসিপি সূত্রের দাবি, আপাতত সম্পূর্ণ বিশ্রামই একমাত্র লক্ষ্য। চিকিৎসকদের পরামর্শ মেনেই পরবর্তী কর্মসূচি ঠিক করবেন শরদ পাওয়ার। সব মিলিয়ে, এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে বলেই আশ্বস্ত করছেন চিকিৎসক ও দলীয় নেতৃত্ব—এটাই স্বস্তির খবর।