1
1
সুমিত দে, কলকাতা:১ ঘণ্টার বৈঠক শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের জরুরি বার্তা।
শেষ হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বৈঠক। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Kumar Agarwal।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান,
“পোর্টালের কাজ শুরু হয়ে গিয়েছে। মাঝখানে কিছু সমস্যা ছিল। বিশেষ করে লগইন পাসওয়ার্ড এবং ওটিপি সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছিল। সেগুলির সমাধান করা হয়েছে।”

চূড়ান্ত নিষ্পত্তির কাজ কবে থেকে শুরু হবে—এই প্রশ্নে তিনি স্পষ্ট করেন, আজ থেকেই সেই কাজ শুরু হয়ে যেতে পারে। তবে কতজন ভোটারকে স্ক্রুটিনি বা শুনানির জন্য ডাকা হচ্ছে, সেই নির্দিষ্ট সংখ্যাটি এখনও চূড়ান্ত নয় বলেই জানান তিনি। তাঁর কথায়, “এই বিষয়ে খোঁজ নিয়ে জানাতে হবে।”
বৈঠক প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক আরও বলেন, এটি একটি আভ্যন্তরীণ বৈঠক ছিল। তবে তিনি স্বীকার করেন, ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিচার বিভাগীয় আধিকারিকরা শুনানি ও স্ক্রুটিনির কাজ শুরু করে দিয়েছেন। অনেক ক্ষেত্রে সেই প্রক্রিয়ায় অগ্রগতিও হয়েছে।
এদিনের বৈঠকে মূলত কোথায় কী সমস্যা হচ্ছে, কোথায় ওটিপি বা লগইন সংক্রান্ত জটিলতা রয়েছে, সেগুলি নিয়েই বিস্তারিত আলোচনা হয়। বেশ কিছু জায়গায় সমস্যার সমাধানও হয়েছে বলে জানান তিনি।
এদিকে, দ্বিতীয় পর্যায়ের বৈঠক নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি জানান, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত দ্বিতীয় দফার বৈঠক আজ সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।

সব মিলিয়ে, এক ঘণ্টার বৈঠকের পর রাজ্যজুড়ে ভোটার তালিকা সংক্রান্ত কাজ ও স্ক্রুটিনি প্রক্রিয়া নতুন গতি পেতে চলেছে বলেই ইঙ্গিত মিলছে।