Popular Posts

এ বার লিফটে ফাঁসলেন খোদ লিফটম্যান!

সুমিত দে, কলকাতা:
বিতর্ক যেন পিছু ছাড়ছে না আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। সম্প্রতি লিফট দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পরপর দু’টি লিফট বিভ্রাটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাসপাতালে। এবার শুধু রোগী বা তাঁদের পরিজনই নন, লিফটের মধ্যেই আটকে পড়লেন খোদ লিফটম্যানও।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৭টা ৫২ মিনিট নাগাদ ক্যাজ়ুয়াল্টি ব্লকের তিনতলা থেকে নামার সময় আচমকাই বিকল হয়ে যায় একটি লিফট। দোতলা ও তিনতলার মাঝামাঝি স্থানে আটকে পড়ে সেটি। সেই সময় লিফটে ছিলেন চেস্ট মেডিসিন বিভাগ থেকে আসা এক রোগী এবং তাঁর পরিবারের ছ’জন সদস্য, যারা গ্রাউন্ড ফ্লোরে নামার উদ্দেশ্যে লিফটে উঠেছিলেন।


হঠাৎ লিফট থেমে যাওয়ায় ভিতরে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। দীর্ঘ সময় চেষ্টার পর লিফটটি শেষ পর্যন্ত একতলায় নামানো সম্ভব হলেও দরজা খুলছিল না বলে অভিযোগ। পরে প্রযুক্তিগত সহায়তায় যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।
এর কয়েক ঘণ্টা আগেই, মঙ্গলবার গভীর রাতে প্রায় দেড়টা নাগাদ অ্যাকাডেমিক বিল্ডিংয়েও একই ধরনের ঘটনা ঘটে। অধ্যক্ষের দপ্তর থেকে নীচে নামার সময় হঠাৎ বিকল হয়ে যায় আর একটি লিফট। সেই লিফটের মধ্যেই আটকে পড়েন এক লিফটম্যান, যা হাসপাতাল চত্বরে নতুন করে উদ্বেগ তৈরি করে।


উল্লেখ্য, গত শুক্রবার ট্রমা সেন্টারের একটি লিফট বিভ্রাটে ছেলের চিকিৎসা করাতে আসা অরূপ বন্দ্যোপাধ্যায় নামে এক যুবকের মৃত্যু হয়। তার পাঁচ দিনের মধ্যেই পরপর দুই লিফট বিকল হওয়ার ঘটনায় হাসপাতালের পরিকাঠামো ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনাগুলির পর হাসপাতাল কর্তৃপক্ষ লিফটগুলির প্রযুক্তিগত ত্রুটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। তবে রোগী–পরিজন ও কর্মীদের একাংশের দাবি, দ্রুত স্থায়ী সমাধান না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *