Popular Posts

ভোটপ্রচারের জলের বোতল, লেখা ‘আবার জিতবে বাংলা’ — ময়নাগুড়িতে ভাইরাল দৃশ্য

সুমিত দে, ময়নাগুড়ি:
ক্রমশ বাড়তে থাকা তাপমাত্রার পাশাপাশি রাজ্যের বিধানসভা নির্বাচনের উত্তাপও এখন চরমে। ভোটের দিনক্ষণ ঘোষণার পরই প্রার্থী তালিকা সামনে এসেছে, আর তার পর থেকেই প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। উত্তরবঙ্গজুড়ে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার, এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় কোনও পক্ষই।
এই আবহেই উত্তরবঙ্গ সফরে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালসা থেকে শুরু হয়েছে তাঁর নির্বাচনী কর্মসূচি। বুধবার তিনি জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে জনসভা করেন। ময়নাগুড়ি ও ডাবগ্রাম–ফুলবাড়ির পাশাপাশি দার্জিলিংয়ের মাটিগাড়া–নক্সালবাড়িতেও প্রচারে অংশ নিতে দেখা যায় তাঁকে।
তবে রাজনৈতিক ভাষণ বা জনসমাগমের বাইরেও ময়নাগুড়িতে নজর কাড়ল এক ব্যতিক্রমী দৃশ্য। প্রচারের ভিড়ে পতাকা ও ব্যানারের পাশাপাশি জলের বোতলেও দেখা গেল রাজনৈতিক বার্তা। তীব্র গরমে সভাস্থলে উপস্থিত মানুষের হাতে তুলে দেওয়া পানীয় জলের বোতলের গায়ে লাগানো ছিল ‘আবার জিতবে বাংলা’ লেখা স্টিকার।
চরম গরমে যেখানে পানীয় জল সভায় আগত মানুষের অন্যতম প্রয়োজন, সেখানে সেই জলের বোতলকেই প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন অনেকে। একদিকে তৃষ্ণা নিবারণ, অন্যদিকে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া— দুই উদ্দেশ্যই পূরণ করতে দেখা গেছে এই উদ্যোগে।
নির্বাচনী প্রচারে এমন অভিনব কৌশল সচরাচর দেখা যায় না বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। ইতিমধ্যেই ঘটনাটির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভোটের লড়াই যত এগোচ্ছে, ততই নতুন নতুন উপায়ে ভোটারদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে রাজনৈতিক দলগুলি— ময়নাগুড়ির এই দৃশ্য সেই প্রতিযোগিতারই এক ভিন্নমাত্রার উদাহরণ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *