1
1
নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি:দেশজুড়ে বড়সড় সন্ত্রাসী হামলার ছক কষার আগেই তা ভেস্তে দিল পুলিশ। আইএসআই ও বাংলাদেশভিত্তিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ থাকা ৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন পশ্চিমবঙ্গে লুকিয়ে ছিল, বাকি ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে তামিলনাড়ু থেকে। পুলিশের দাবি, ধৃতরা সকলে মিলেই ভারতে একটি বড় নাশকতার পরিকল্পনা করছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুর তিরুপুর জেলার বিভিন্ন পোশাক কারখানা থেকে মিজানুর রহমান, মহম্মদ শাবাত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শহিদ ও মহম্মদ উজ্জ্বল—এই ছ’জনকে আটক করা হয়েছে। পাশাপাশি, পশ্চিমবঙ্গ থেকেও আরও দু’জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, ধৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক। ভারতে পরিচয় গোপন করতে তারা জাল আধার কার্ড ব্যবহার করছিল বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিদেশি চক্রের নির্দেশেই তারা দেশে বড়সড় জঙ্গি হামলার পরিকল্পনা করছিল। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অনলাইনে সন্ত্রাসে উসকানিমূলক পোস্ট নজরে আসার পরই এই তদন্ত শুরু হয়। সূত্র ধরে স্থানীয় পুলিশের সহায়তায় তদন্তকারী দল তিরুপুরে অভিযান চালায়। সেখানেই পোশাক কারখানায় কর্মরত ছ’জন অভিযুক্তের আধার কার্ড জাল বলে প্রমাণিত হয়।

দিল্লি পুলিশ স্পেশাল সেল জানিয়েছে, অভিযানের সময় ৮টি মোবাইল ফোন ও ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। এই ষড়যন্ত্রের সঙ্গে আর কারা যুক্ত ছিল, দেশের কোথায় কোথায় নাশকতার পরিকল্পনা করা হয়েছিল—সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশের বক্তব্য, সময়মতো অভিযান চালানো না হলে বড়সড় বিপদের আশঙ্কা ছিল। এই গ্রেপ্তারির মাধ্যমে সম্ভাব্য সন্ত্রাসী হামলা রোখা গিয়েছে বলে দাবি প্রশাসনের। তদন্ত এখনও চলছে এবং প্রয়োজনে আরও গ্রেপ্তার হতে পারে বলে জানানো হয়েছে।