1
1
সুমিত দে, কলকাতা: ভোটের আবহে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় প্রশাসনিক পরিবর্তন। রাজ্যের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেওয়ার পর সি ভি আনন্দ বোস–এর জায়গায় পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন আর. এন. রবি। বর্তমানে তিনি তামিলনাড়ু–এর রাজ্যপাল হিসেবে দায়িত্বে রয়েছেন।

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, তামিলনাড়ুর দায়িত্ব সামলানোর পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন তিনি। উল্লেখযোগ্যভাবে, রাজনীতিতে আসার আগে আর. এন. রবি দীর্ঘদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) এবং সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)-এর শীর্ষ আধিকারিক হিসেবে কাজ করেছেন।
ভোটের ঠিক আগে একজন প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিককে বাংলার রাজ্যপালের দায়িত্ব দেওয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে।

এদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নতুন রাজ্যপাল নিয়োগের আগে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করেনি কেন্দ্র। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেই তিনি এই নিয়োগের বিষয়ে জানতে পেরেছেন।
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই প্রশাসনিক রদবদল রাজ্য–কেন্দ্র সম্পর্ক এবং বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিতে পারে।