Popular Posts

বিজেপির সুরে সুর বামেদের: এক দফায় ভোটের দাবি, ৬০ লক্ষ ভোটার নিয়ে কমিশনে প্রশ্ন

সুমিত দে, কলকাতা: আসন্ন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সেই প্রস্তুতির অংশ হিসেবে সোমবার রাজ্যের জাতীয় ও আঞ্চলিক মিলিয়ে মোট নয়টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন। বৈঠকে উপস্থিত হয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একাধিক ইস্যুতে সরব হন।
বৈঠক থেকেই ভোটের সময়সূচি নিয়ে দাবি তোলে বামেরা। বিজেপির মতোই এক দফা বা সর্বোচ্চ দুই দফায় ভোটগ্রহণের দাবি জানানো হয়। একইসঙ্গে ‘অ্যাডজুডিকেশন’-এর আওতায় থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোট করানো যাবে না বলেও কমিশনের ফুল বেঞ্চের সামনে দাবি জানায় বাম প্রতিনিধিরা।


রাজ্যে বাম ভোটের বড় অংশ বিজেপির দিকে সরে যাওয়ার অভিযোগ বহুদিনের। সেই প্রেক্ষিতেও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে—বিজেপির দাবির সঙ্গে সিপিআইএমের অবস্থানের এই মিলকে ঘিরে। তবে বৈঠকে বাম নেতৃত্বের বক্তব্য, এসআইআর প্রক্রিয়ায় নানা গণ্ডগোলের কারণে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বৈঠকে উপস্থিত বাম প্রতিনিধি দল—মহম্মদ সেলিম, শমিক লাহিড়ি এবং আফরিন বেগম—কমিশনের সামনে দাবি তোলেন, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র আওতায় রাখা প্রায় ৬০ লক্ষ মানুষকে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের পুনরায় তালিকাভুক্তির সুযোগ দেওয়ার দাবিও জানানো হয়।


এছাড়া রাজ্যে জন্মহারের তুলনায় নতুন ভোটার বৃদ্ধির হার কম কেন—তা নিয়েও প্রশ্ন তোলে বাম প্রতিনিধিরা।
বৈঠকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও সরব হয় বাম নেতৃত্ব। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর উপস্থিতিতেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
কমিশনের সামনে মূলত তিনটি দাবি তুলে ধরে বাম প্রতিনিধিরা—ভোটের পর্যায় কমানো, ৬০ লক্ষ ভোটারের অধিকার নিশ্চিত করা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *