Popular Posts

ধর্মতলার ধর্নামঞ্চে লিফলেট বিতরণ ঘিরে উত্তেজনা, বিজেপিকে নিশানা মমতার

সুমিত দে,কলকাতা: ধর্মতলার ধর্নামঞ্চে চতুর্থ দিনেও রাজনৈতিক উত্তাপ বজায়। সোমবার সকালে ধর্নাস্থলের কাছেই বিজেপির লিফলেট গোপনে বিলির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে সরাসরি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।


অভিযোগ, ধর্নামঞ্চ সংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তি চুপিসারে বিজেপির লিফলেট বিলি শুরু করেন। বিষয়টি জানতে পেরে মঞ্চ থেকেই সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে উপস্থিত কর্মী-সমর্থকদের অভিযুক্তদের চিহ্নিত করে ধরার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে নির্দেশ দেওয়া হয় বিষয়টি নিয়ে থানায় এফআইআর দায়ের করার জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অল্প সময়ের মধ্যেই লিফলেট বিলির সঙ্গে যুক্ত ব্যক্তিদের হাতেনাতে ধরা হয়েছে। মঞ্চ থেকেই তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে ‘ভোট চোর’ বলে কটাক্ষ করেন। তাঁর দাবি, অন্য রাজনৈতিক দলের কর্মসূচিতে এভাবে প্রবেশ করে প্রচার চালানো অনৈতিক এবং গণতান্ত্রিক শিষ্টাচারের পরিপন্থী।
উল্লেখ্য, বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে গত শুক্রবার থেকে ধর্মতলায় ধারাবাহিক ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো। আন্দোলনের চতুর্থ দিনে এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক সংঘাত তীব্র হয়।


মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ধর্নাস্থলে নজরদারি বাড়াতে হবে এবং কোনওরকম উসকানিমূলক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। পরে নিজের মোবাইলে কিছু ছবি দেখিয়ে তিনি দাবি করেন, অভিযুক্তদের কাছ থেকে বিজেপির ‘ব্রিগেড চলো’ লেখা লিফলেট উদ্ধার হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *