1
1
সুমিত দে,কলকাতা: মহানগরের রাজপথে আয়োজিত ধরনামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গণতন্ত্র, ভোটাধিকার এবং বাংলার সংস্কৃতি রক্ষার প্রশ্নে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণকে সামনে রেখে তিনি দাবি করেন, বাংলার মানুষ ‘মা-মাটি-মানুষ’-এর আদর্শের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছেন।
ধরনামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে লেখেন, “পবিত্র এই মাটিতে তোমার মুছে গেছে ঠাঁই, ক্ষুব্ধ আকাশে বাতাসে ধ্বনিত ‘স্বাধীনতা চাই’।” তাঁর মতে, সাধারণ মানুষের সমবেত কণ্ঠই প্রমাণ করে দিয়েছে যে স্বৈরাচারী রাজনীতির বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রের শাসক দল পরিকল্পিতভাবে বাংলার বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ মনোভাব নিয়ে কাজ করছে এবং অপরিকল্পিত ‘এসআইআর’ প্রক্রিয়ার মাধ্যমে মানুষের ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, এই আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, বরং বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ভাষা ও গণতান্ত্রিক অধিকারের অস্তিত্ব রক্ষার সংগ্রাম।
তিনি আরও বলেন, সর্বধর্ম সমন্বয়ের ঐতিহ্যবাহী বাংলায় বিভাজনের রাজনীতি বরদাস্ত করা হবে না। গণতান্ত্রিক পথেই বাংলার মানুষ বাংলা-বিরোধী শক্তিকে উপযুক্ত জবাব দেবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

ধরনামঞ্চে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে তিনি আবেগাপ্লুত বলেও জানান এবং আন্দোলনকে জনগণের অধিকার রক্ষার লড়াই হিসেবে ব্যাখ্যা করেন।
রাজনৈতিক মহলের মতে, আসন্ন রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই বার্তা গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করছে এবং কেন্দ্র–রাজ্য সংঘাতের আবহ আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে।