Popular Posts

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ শ্রমিকদের, আশঙ্কাজনক ২৬

শ্রেয়া সেনগুপ্ত, নয়ডা:উত্তরপ্রদেশের Noida-র একটি ইলেকট্রিক মিটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল। ঘটনায় অন্তত ২৬ জন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি।
বৃহস্পতিবার সকালে Uttar Pradesh-এর Noida-র সেক্টর ৪ এলাকায় অবস্থিত ওই কারখানায় আচমকা আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় কারখানার ভিতরে প্রায় ২৪০ জন শ্রমিক কাজ করছিলেন। মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়ায় ঢেকে যায় পুরো ভবন, ফলে বহু শ্রমিক ভিতরে আটকে পড়েন এবং পরিস্থিতি দ্রুতই আতঙ্কজনক হয়ে ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের প্রায় ৩০টি ইঞ্জিন। উদ্ধারকাজে নেমে দমকলকর্মীরা কারখানার জানলার কাচ ভেঙে ভিতরে ঢোকেন এবং একে একে শ্রমিকদের বাইরে বের করে আনেন। ধোঁয়া ও আগুনের হাত থেকে বাঁচতে অনেক শ্রমিক আতঙ্কে জানলা দিয়ে ঝাঁপ দেন বলেও জানা গেছে। কয়েক ঘণ্টার চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ২৬ জন শ্রমিককে দ্রুত উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার (আইন ও শৃঙ্খলা) রাজীব নারায়ণ মিশ্র জানান, আগুন লাগার পর কারখানার ভিতরে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় অনেক শ্রমিক শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। এছাড়াও আতঙ্কে উঁচু থেকে ঝাঁপ দেওয়া বা হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে কয়েকজনের হাড় ভেঙে গিয়েছে। তবে চিকিৎসকদের দাবি, আপাতত আহতদের অবস্থা স্থিতিশীল।
এদিকে আগুন নিয়ন্ত্রণে এলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এখনও কারখানার ভিতর তল্লাশি চালানো হচ্ছে কোথাও ‘পকেট ফায়ার’ রয়ে গিয়েছে কি না। ঠিক কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হলেও অন্যান্য দিকও খতিয়ে দেখছে প্রশাসন।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলে পৌঁছে যান নগরের চিফ ফায়ার অফিসার গৌতম বুদ্ধ। তিনি নিজে উদ্ধার ও আগুন নেভানোর কাজ তদারকি করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *