1
1
শ্রেয়া সেনগুপ্ত, (আলিপুর) কলকাতা : বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশে ঢেকেছে শহর ও জেলার আকাশ। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও রোদের দাপট তুলনামূলক কম। তবে উত্তর থেকে দক্ষিণ—আজ রাজ্যের প্রায় সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। বিকেলের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে বিকেল বা সন্ধ্যার দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
শুক্রবার উত্তরবঙ্গের উপরের দিকের ছয় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।
এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।