Popular Posts

আদিবাসীদের উন্নয়ন হয়েছে একমাত্র বাংলায় — ধর্মতলার ধর্নামঞ্চে দাবি মন্ত্রী জ্যোৎস্না মান্ডির

সুমিত দে, কলকাতা:আদিবাসী উন্নয়ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, আদিবাসী সম্প্রদায়ের প্রকৃত উন্নয়ন হয়েছে একমাত্র পশ্চিমবঙ্গেই।
সোমবার ধর্নামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জ্যোৎস্না মান্ডি বলেন, “বিজেপির চোখ দিয়ে দেখলে বাস্তব পরিস্থিতি বোঝা যাবে না। বাংলায় এসে ঘুরে দেখলেই আদিবাসীদের উন্নয়নের চিত্র স্পষ্ট হবে।” তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে আদিবাসীরা এখনও উপেক্ষিত এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে পিছিয়ে রয়েছেন।


বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ
মন্ত্রী দাবি করেন, আদিবাসী সমাজকে সম্মান দেওয়ার ক্ষেত্রে বিজেপি ব্যর্থ হয়েছে। রাষ্ট্রপতিকে রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ না জানানোর প্রসঙ্গ তুলে তিনি কেন্দ্রের বিরুদ্ধে আদিবাসী সমাজকে অসম্মান করার অভিযোগও তোলেন।
মুখ্যমন্ত্রীর ভূমিকায় জোর
জ্যোৎস্না মান্ডির বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্পের ফলে আদিবাসী সম্প্রদায়ের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর দাবি, আদিবাসীদের “পায়ের তলার মাটি শক্ত” করেছে রাজ্য সরকার।
তিনি আরও বলেন, আদিবাসী সমাজ মুখ্যমন্ত্রীর পাশে রয়েছে এবং ভবিষ্যতেও তাঁর নেতৃত্বকে সমর্থন করবে।
যদিও এই অভিযোগগুলির বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *