Popular Posts

ভবানীপুরে তৃণমূলের কর্মিসভা, নির্বাচনী রণকৌশল নিয়ে জোর আলোচনা

সুমিত দে, কলকাতা:
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ কর্মিসভা। সোমবার আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দলের প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় দলীয় নেতৃত্ব ও কর্মীরা।


সভায় নির্বাচনী রণকৌশল নির্ধারণ, বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করা, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং এলাকার উন্নয়নমূলক কাজকে সামনে রেখে প্রচার কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিটি বুথে সংগঠনকে সক্রিয় রাখা এবং ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আগামী দিনে প্রয়োজন অনুযায়ী বুথভিত্তিক প্রচারকরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবেন। তিনি স্পষ্টভাবে বলেন, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ২৩১টি বুথে যে লিড রয়েছে, তা ধরে রাখা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আরও বেশি বুথে লিড বাড়ানোর লক্ষ্য নিয়েই সংগঠনকে কাজ করতে হবে। সেই লক্ষ্যে কর্মীদের এখন থেকেই সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি।


সভায় নেতৃবৃন্দ আরও জানান, এলাকার প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সুবিধা ও সমস্যার সমাধানে কাজ করাই দলের মূল লক্ষ্য। কর্মীদের উদ্যম, আত্মবিশ্বাস এবং সাংগঠনিক ঐক্য সভাজুড়ে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।
দলীয় মহলের মতে, মানুষের সমর্থন ও আশীর্বাদকে পাথেয় করে তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনে এগিয়ে যাবে এবং বাংলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *