Popular Posts

ভোটমুখী বাংলায় ইডির তৎপরতা, বালিগঞ্জ-সহ কলকাতার ১০ জায়গায় তল্লাশি

শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা
বিধানসভা নির্বাচনের মুখে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। জমি দখল এবং বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় বালিগঞ্জ-সহ শহরের প্রায় ১০টি জায়গায় এই অভিযান চলছে।
ইডি সূত্রে খবর, বালিগঞ্জের ফার্ন রোডে বিশ্বজিৎ পোদ্দার ওরফে ‘সোনা পাপ্পু’র বাড়িতে হানা দিয়েছেন আধিকারিকরা। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়িটি ঘিরে রেখেছেন। একই সঙ্গে শহরের আরও ৮–৯টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।


সম্প্রতি গোলপার্কের কাঁকুলিয়া রোডে গুলি ও বোমা চলার ঘটনায় উঠে আসে সোনা পাপ্পুর নাম। পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর সোনার ব্যবসা এবং দোকান রয়েছে। ইডির দাবি, বিভিন্ন জমি সংক্রান্ত লেনদেনে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বিশ্বজিৎ পোদ্দারের বিরুদ্ধে। পাশাপাশি অবৈধভাবে বিভিন্ন জায়গায় অর্থ পৌঁছে দেওয়ার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
শুধু বাড়ি নয়, বালিগঞ্জের একটি সংস্থার অফিস এবং ওই সংস্থার মালিকের বাড়িতেও তল্লাশি চলছে বলে খবর। পাশাপাশি কসবা এলাকাতেও অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।
এখনও পর্যন্ত তল্লাশি থেকে উল্লেখযোগ্য কিছু উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইডি। তবে সকাল থেকেই একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *