Popular Posts

এক ধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা বৃদ্ধি অটোর গ্যাসের দামে, ভাড়া বাড়ানোর ইঙ্গিত চালকদের

শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা:
এলপিজি সিলিন্ডারের পর এবার বড় ধাক্কা অটোচালকদের। দেশজুড়ে অটোর ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড় বৃদ্ধি ঘটল। মার্চ মাসে টানা তিনবার দাম বাড়ার পর এপ্রিলের প্রথম দিনেই এক ধাক্কায় লিটারপিছু ১২ টাকা ২৮ পয়সা বাড়ল অটোর গ্যাসের দাম।
মঙ্গলবার পর্যন্ত কলকাতায় অটোর এলপিজি গ্যাসের দাম ছিল লিটারপ্রতি ৭০ টাকা। কিন্তু বুধবার সকালে পাম্পে গিয়ে চালকরা জানতে পারেন নতুন দাম দাঁড়িয়েছে ৮০ টাকা ৯৬ পয়সা। হঠাৎ এই বিপুল মূল্যবৃদ্ধিতে কার্যত দিশেহারা অটোচালকরা।
চালকদের একাংশের দাবি, এই পরিস্থিতিতে ভাড়া না বাড়ালে পরিষেবা চালানো কার্যত অসম্ভব হয়ে পড়বে। তাঁদের মতে, জ্বালানির খরচ যেভাবে বেড়েছে তাতে আয় ও খরচের সমীকরণ ভেঙে পড়ছে। ফলে অনেকেই ভাড়া বাড়ানোর দাবি তুলতে শুরু করেছেন।


বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব সরাসরি পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। তারই প্রভাব পড়ছে দেশের জ্বালানির দামেও। গৃহস্থালির গ্যাস, বাণিজ্যিক গ্যাস ও পেট্রোলের পর এবার অটোর গ্যাসের দাম বৃদ্ধিতে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষও। কারণ ভাড়া বাড়লে তার প্রভাব পড়বে যাত্রীদের পকেটেও।
অটোচালকদের দাবি, গত ১১ মার্চ অটোর গ্যাসের দাম ৫ টাকা বেড়ে ৫৭ টাকা ৬৮ পয়সা থেকে ৬২ টাকা ৬৮ পয়সা হয়। এরপর ধাপে ধাপে বাড়তে বাড়তে ৩১ মার্চ পর্যন্ত তা দাঁড়ায় ৭০ টাকা। আর এপ্রিলের শুরুতেই এক ধাক্কায় তা বেড়ে পৌঁছেছে ৮০ টাকা ৯৬ পয়সা-এ।
এই আকস্মিক মূল্যবৃদ্ধিতে ক্ষোভও বাড়ছে চালকদের মধ্যে। অনেকেই জানান, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নেওয়ার পর হঠাৎ দাম বাড়ার খবর শুনে তাঁরা বিপাকে পড়েছেন। তাঁদের আশঙ্কা, এভাবে দাম বাড়তে থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।
চালকদের একাংশের মতে, পরিস্থিতি সামাল দিতে অটো ভাড়া বাড়ানো ছাড়া বিকল্প নেই। যদিও এতে যাত্রী সংখ্যা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। সেই পরিস্থিতি তৈরি হলে পরিষেবা সাময়িক বন্ধ রাখার মতো কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *