1
1
সুমিত দে, কলকাতা:
ফের বাড়ল গ্যাসের দাম। তবে স্বস্তির বিষয়, আপাতত বাড়েনি ঘরোয়া রান্নার গ্যাসের মূল্য। এবার দাম বৃদ্ধি করা হয়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে। সিলিন্ডার পিছু ২১৮ টাকা বাড়ায় নতুন করে চাপ বাড়ল হোটেল-রেস্তোরাঁ ও বাণিজ্যিক ব্যবস্থার উপর।
নতুন মূল্য অনুযায়ী, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২,২০৮ টাকা। এতদিন এই সিলিন্ডারের দাম ছিল ১,৯৯০ টাকা। সংশোধিত দাম পয়লা এপ্রিল মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।
এর আগে মার্চের প্রথম সপ্তাহেই একসঙ্গে বাড়ানো হয়েছিল ঘরোয়া ও বাণিজ্যিক — দুই ধরনের গ্যাসের দাম। তখন ১৪.২ কেজির ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বেড়ে ৮৭৯ টাকা থেকে দাঁড়ায় ৯৩৯ টাকায়। একই সময়ে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও ১১৫ টাকা বৃদ্ধি পেয়ে হয় ১,৯৯০ টাকা।

জ্বালানি সংস্থাগুলোর দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, মুদ্রার বিনিময় হার এবং বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির উপর নির্ভর করেই এলপিজির মূল্য নির্ধারিত হয়। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং ইরানের হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার কারণে এলপিজি আমদানিতে চাপ তৈরি হয়েছে বলেও সূত্রের খবর।
সরকারি সূত্রে জানানো হয়েছে, দেশের ঘরোয়া গ্যাস সরবরাহে যাতে কোনও ঘাটতি না হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। সেই কারণে বাণিজ্যিক গ্যাস সরবরাহ ব্যবস্থায় কিছু নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তরজা। নির্বাচনী সভা থেকে কেন্দ্রকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, নির্বাচনের আগে জ্বালানির দাম স্থির রাখা হলেও ভোটের পর বড়সড় মূল্যবৃদ্ধি হতে পারে। তাঁর বক্তব্য, “নির্বাচন শেষ হলেই পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম ব্যাপক হারে বাড়বে।”
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে আগামী মাসগুলিতেও এলপিজির দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে।