Popular Posts

ফের সমুদ্র সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা, তাজপুরে মৃত্যু দুই চিকিৎসকের

শ্রেয়া সেনগুপ্ত, তাজপুর
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবারও সমুদ্র সৈকতে দুর্ঘটনা। বুধবার সন্ধ্যায় তাজপুর সমুদ্র থেকে উদ্ধার হল দুই ব্যক্তির দেহ। মৃত দু’জনই পেশায় চিকিৎসক এবং তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার সোদপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাজপুরের বিশ্ববাংলা এলাকার কাছে সমুদ্রে দু’টি দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মন্দারমণি কোস্টাল থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে।
দু’জনকে দ্রুত বালিসাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম কুন্তল চক্রবর্তী ও শৈলজা ভরদ্বাজ। তাঁদের বয়স আনুমানিক ৩৫ বছরের মধ্যে। দু’জনেরই বাড়ি সোদপুরের ঘোলা এলাকায় এবং দু’জনেই পেশায় চিকিৎসক।
কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অতীশ বিশ্বাস জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


প্রসঙ্গত, গত রবিবার তালসারি সি বিচ-এ জলে ডুবে মৃত্যু হয়েছিল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর। দিঘা সংলগ্ন ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ নামে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন তিনি। শুটিং চলাকালীনই সমুদ্রে ডুবে তাঁর মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে তিনি জলে ডুবে যান তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে।
এদিকে বুধবারই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে দিঘা-য়। নিউ দিঘার ক্ষণিকা ঘাটে স্নান করতে নেমে ঢেউয়ের ধাক্কায় ভেসে যাচ্ছিলেন সুনীল মুখোপাধ্যায় (৪৮) এবং তাঁর নাতনি সোয়ানা মুখোপাধ্যায় (১৬)। দ্রুত উদ্ধার কাজে নামেন নুলিয়ারা এবং তাঁদের উদ্ধার করে নিয়ে আসেন। পরে দু’জনকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, দিঘা, মন্দারমণি ও তাজপুর সমুদ্র সৈকতে প্রায়ই পর্যটকদের দুর্ঘটনার খবর সামনে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনেক সময় মদ্যপ অবস্থায় বা নিরাপত্তা নির্দেশ অমান্য করে গভীর জলে নেমে পড়ার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটে।
এই ধরনের ঘটনা রুখতে সমুদ্র সৈকতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার জন্য বিভিন্ন এলাকায় নুলিয়া ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *