Popular Posts

ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রাহুলের দুর্ঘটনার মুহূর্ত? প্রত্যক্ষদর্শীর দাবি ঘিরে নতুন জল্পনা

বঙ্গ Live কলকাতা ডেস্ক
ওড়িশার সমুদ্রতট Talsari Sea Beach–এ শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee–র। এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এরই মধ্যে এক প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর দাবি নতুন করে আলোড়ন ফেলেছে তদন্তে।
স্থানীয় বাসিন্দা বলরাম গঙ্গাই দাবি করেছেন, দুর্ঘটনার পুরো ঘটনাই নাকি শ্যুটিংয়ের সময় ব্যবহৃত ড্রোন ক্যামেরায় রেকর্ড হয়ে থাকতে পারে। তাঁর কথায়, “পুরোটাই ড্রোনে শ্যুটিং হচ্ছিল। যখন ওরা জলে ডুবছিল, তখনও ড্রোন উপরে উড়ছিল। ফলে পুরো ঘটনাটা ক্যামেরায় ধরা পড়ে থাকার কথা।”
ঘটনার দিন অভিনেতা রাহুল ও নায়িকা শ্বেতা জলে নেমে একটি দৃশ্যের শ্যুটিং করছিলেন। নায়িকাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও রাহুলকে তুলতে বেশ কিছুটা সময় লেগেছিল বলে জানা যায়। এই বিলম্ব নিয়েই ইতিমধ্যে নানা প্রশ্ন উঠেছে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, জল থেকে তোলার পর রাহুল নাকি কিছুক্ষণ কথা বলছিলেন। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, দীর্ঘ সময় জলে ডুবে থাকার ফলে তাঁর ফুসফুসে উল্লেখযোগ্য পরিমাণ জল ও বালি ঢুকে গিয়েছিল।
বলরামের আরও দাবি, যেখানে শ্যুটিং চলছিল সেখানে প্রথমে অল্প জল থাকলেও একটু সামনে প্রায় ১০ থেকে ১৫ ফুট গভীর ঢালু গর্ত রয়েছে। সেই বিপজ্জনক অংশটি সম্ভবত বুঝতে পারেননি অভিনেতা ও ইউনিটের সদস্যরা। ঠিক তখনই জোয়ারের জল বাড়তে শুরু করায় পরিস্থিতি দ্রুত বিপজ্জনক হয়ে ওঠে।
এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের নানা মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে দুর্ঘটনার ঠিক সময়ের কোনও ফুটেজ এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। সেই কারণেই ড্রোনে রেকর্ড হওয়া সম্ভাব্য ভিডিওর প্রসঙ্গ সামনে আসায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।
এদিকে বালাসোর জেলার তালসারি মেরিন থানার পুলিশ ও Digha Police ইতিমধ্যেই প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের বয়ান রেকর্ড করেছে। তদন্তকারীদের মতে, যদি সত্যিই ড্রোন ক্যামেরায় দুর্ঘটনার মুহূর্তের ফুটেজ থেকে থাকে, তবে সেটিই এই রহস্যজনক ঘটনার প্রকৃত কারণ সামনে আনতে গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *