1
1
শ্রেয়া সেনগুপ্ত, হুগলি
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন Mamata Banerjee। বুধবার আরামবাগের প্রচারসভা থেকে তৃণমূল সভানেত্রী স্পষ্ট ভাষায় বলেন, “আমি যদি শুনতে পারি, আপনারা কি বড় নেতা হয়ে গেছেন যে শুনবেন না? শুনতে আপনাদের হবে, আপনারা বাধ্য।”
ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পরই হুগলি জেলার বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে একের পর এক জনসভা করেন তিনি। সেই সভা থেকেই দলীয় নেতা-কর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।
নির্বাচনের আগে সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি সব প্রার্থীদের বলব সিনিয়রদের সম্মান দিয়ে ছাত্র, যুব ও মহিলাদের সঙ্গে নিয়ে সবাই কাজ করবেন। আর যে করবে না, আমার থেকে বড় শত্রু তার কেউ হবে না।”

দলীয় কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি সেই কর্মীকে ভালবাসি যে মাটির মানুষকে চেনে এবং তাঁদের সঙ্গে যোগাযোগ রাখে। গর্ব নয়, লোকে দশটা কথা বললে শুনবেন। শুনলে ক্ষতি কী আছে? আমি যদি শুনতে পারি, আপনারা কি বড় নেতা হয়ে গেছেন যে শুনবেন না?”
প্রার্থী হতে না পেরে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন— সেই প্রসঙ্গেও সতর্কবার্তা দেন তৃণমূল সভানেত্রী। তিনি বলেন, “প্রার্থী সবাই হতে পারে না। বুথ আগলায় কর্মীরা, ব্লক আগলায় কর্মীরা। যারা মাঠে কাজ করে তারাই আসল শক্তি।”
এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। অভিযোগ করে বলেন, “যারা কাজ জানত তাদের সবাইকে বদলে দিয়েছে। আশা করি আগামী দিনে বাংলায় নিরপেক্ষভাবে কাজ করবেন।” পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে বলেন, “আর মাত্র একমাস পরে বিজেপি এপাশ ওপাশ ধপাস।”
সভা থেকে শেষবারের মতো দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বার্তাও দেন তৃণমূল সুপ্রিমো।