1
1
বঙ্গ Liveকলকাতা ডেস্ক
শীত বিদায় নিয়েছে, গরমের শুরুতেই অনেকেই বাড়ির এসি পরিষ্কার বা সার্ভিস করাতে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু এমনই এক সার্ভিসিং করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হল এক পরিবারের সদস্যদের।
গরম পড়তেই বাড়ির এসি সার্ভিস করানোর জন্য মেকানিক ডাকা হয়। নির্দিষ্ট সময়ে মেকানিক এসে দেওয়ালে লাগানো সাদা স্প্লিট এসির কভার খুলতেই সামনে আসে চমকে দেওয়া দৃশ্য। এসির ভেতরে লুকিয়ে ছিল এক ‘অবাঞ্ছিত অতিথি’।
ঢাকনা খোলার সঙ্গে সঙ্গেই ধুলো-ময়লার স্তূপের ভেতর থেকে একটি ইঁদুর উঁকি দেয়। শুধু তাই নয়, এসির ভেতরেই সে নিজের বাসা তৈরি করে ফেলেছিল। ড্রেন পাইপকে ব্যবহার করছিল শোবার জায়গা হিসেবে। এমন দৃশ্য দেখে মেকানিক যেমন আতঙ্কিত হয়ে পড়েন, তেমনই বাড়ির লোকজনও ভয়ে ঘর থেকে বেরিয়ে যান।

জানা যায়, ইঁদুরটি শুধু বাসা বানিয়েই থেমে থাকেনি। এসির ভেতরে প্রচুর ময়লা জমিয়ে রেখেছিল এবং তারগুলো কেটে ফেলার মতো অবস্থাও তৈরি হয়েছিল। সামান্য অসাবধানতা থেকেই বড় ক্ষতি হয়ে যেতে পারত।
বিশেষজ্ঞদের মতে, শীতকালে দীর্ঘদিন এসি বন্ধ রেখে দিলে বা নিয়মিত পরিষ্কার না করলে এমন সমস্যা দেখা দিতে পারে। ইনস্টলেশনের সময় দেওয়ালের ছিদ্র সঠিকভাবে সিল না করা থাকলে ইঁদুর বা অন্য ছোট প্রাণী সহজেই ভেতরে ঢুকে পড়ে।

তাই গরমের শুরুতেই এসি চালু করার আগে ভালোভাবে সার্ভিস করিয়ে নেওয়া এবং ইনস্টলেশনের ফাঁকফোকর ঠিক করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে যেমন এসি ভালো থাকবে, তেমনই এমন অপ্রত্যাশিত ‘অতিথি’র হাত থেকেও রক্ষা পাওয়া যাবে।