Popular Posts

বাংলায় ভোটার তালিকা জটিলতা জারি, তার মধ্যেই ভোটের দিন নির্ধারণে কমিশনের জরুরি বৈঠক

সুমিত দে, কলকাতা:
ভোটার তালিকা ঘিরে বিতর্ক ও জটিলতা অব্যাহত থাকলেও নির্ধারিত সময়েই পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে— আগেই এমন ইঙ্গিত দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যেই রাজ্যের সম্ভাব্য ভোটের দিন ও নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার থেকে দু’দিনের জরুরি বৈঠক ডাকল নির্বাচন কমিশন।
গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে বাংলার চূড়ান্ত ভোটার তালিকা। সেই তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বিভাগে অমীমাংসিত অবস্থায় থাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। ঠিক এই পরিস্থিতিতেই কমিশনের ফুল বেঞ্চ ভার্চুয়াল বৈঠককে ঘিরে গুরুত্ব বাড়ছে।
যদিও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার-সহ প্রায় আটজন আধিকারিকের পশ্চিমবঙ্গে আসার কথা ছিল, শেষ পর্যন্ত কমিশনের শীর্ষ কর্তারা দিল্লি থেকেই ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।


প্রথম দিনের বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রস্তুতি
সোমবার সকাল ১১টা থেকে শুরু হবে বৈঠক। প্রথম দিনের আলোচনায় উপস্থিত থাকবেন—
রাজ্যের বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনাররা
ডিজি ও আইজি পদমর্যাদার আধিকারিকরা
প্রতিটি জেলার জেলাশাসক (DM) ও পুলিশ সুপার (SP)
ভোটের আগে রাজ্যের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা, জেলায় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোট পরিচালনায় প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখা হবে। প্রথম পর্যায়ের বৈঠক চলবে দুপুর দেড়টা পর্যন্ত। মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় পর্বের আলোচনা চলবে।
দ্বিতীয় দিনে ভোটের দফা ও বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা


মঙ্গলবারের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালসহ নির্বাচন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরাও অংশ নেবেন।
সূত্রের খবর, এদিন মূলত পশ্চিমবঙ্গে কত দফায় নির্বাচন করা যেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে প্রায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাঁদের সম্ভাব্য মোতায়েন ও সংবেদনশীল এলাকা চিহ্নিতকরণ নিয়েও আলোচনা হতে পারে।
ভোটার তালিকা বিতর্কের আবহে কমিশনের এই বৈঠক রাজ্যের আসন্ন নির্বাচনের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *