Popular Posts

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার

শ্রেয়া সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুর
‘SIR মানে সর্বনাশ’— বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে বিঁধলেন Mamata Banerjee। আলু নিয়ে বিজেপির রাজনীতির তীব্র সমালোচনা করে তিনি স্পষ্ট জানান, তৃণমূল সরকার সবসময় আলু চাষিদের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।
মুখ্যমন্ত্রী বলেন, “উন্নয়ন নিয়ে আমায় কেউ জ্ঞান দেবেন না। আলু চাষিদের সমস্যা নিয়ে রাজনীতি আমি বরদাস্ত করব না। যদি কোনও আলু চাষির আলু নষ্ট হয়, সরকার ক্ষতিপূরণ দেবে— নিশ্চিন্তে থাকুন।” ক্ষতিপূরণ ও শস্যবিমার প্রসঙ্গ টেনে তিনি জানান, রাজ্য সরকার চাষিদের পাশে দাঁড়াতেই নানা উদ্যোগ নিয়েছে।


মঙ্গলবার চন্দ্রকোনায় বেলা বারোটায় সভা শুরু হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় কিছুটা আগেই মঞ্চে পৌঁছে যান Mamata Banerjee। ঝড়-বৃষ্টির পূর্বাভাসের মধ্যে সভায় উপস্থিত সকলকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।
বক্তব্যের শুরুতেই SIR ইস্যুতে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বাংলায় জিততে পারবে না জেনেই বাইরে থেকে ৩০ হাজার নাম ঢোকানোর চেষ্টা চলছে। খড়গপুর ও আসানসোলের ভোটে বিহার-উত্তরপ্রদেশ থেকে লোক ঢোকানোর চেষ্টার অভিযোগও করেন তিনি। এই প্রসঙ্গে সোমবার Abhishek Banerjee-দের সিইও দফতরে যাওয়ার ঘটনাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “গণতন্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। বাংলাকে বধ করতে চাইছে। কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার মানুষ জবাব দেবে।”
ক্ষীরপাইয়ের চড়কডাঙা ময়দানের সভা থেকে উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় পাকা রাস্তা ও বাড়ি তৈরির কাজের উল্লেখ করেন তিনি। পাশাপাশি জানান, চতুর্থবার ক্ষমতায় এলে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা বৃদ্ধির দিকে নজর দেওয়া হবে।


আলু চাষিদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ৩০ শতাংশ কোল্ড স্টোরেজ তৈরি করেছি যাতে আলু কিনে মজুত রাখা যায়। আইসিডিএস ও মিড ডে মিলের জন্য আলু কেনা হবে। কোনও চাষি চাইলে বাইরেও আলু বিক্রি করতে পারেন, তাতেও সরকারের আপত্তি নেই। যাদের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ পাবেন।”
সভা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলইকে জেতানোর আহ্বানও জানান তিনি। তাঁর কথায়, স্বৈরাচারী বিজেপিকে আটকাতে চাইলে ২৯৪টি কেন্দ্রেই তিনিই প্রার্থী।
অনুষ্ঠান শেষে আদিবাসীদের নিয়ে লেখা নিজের গানের তালে তাল মিলিয়ে নাচতেও দেখা যায় Mamata Banerjee-কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *