1
1
শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা: কয়লা পাচার মামলার তদন্তে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টারে তাঁর বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। তদন্তে সহযোগিতা করতে আগামী ১৩ মার্চ, শুক্রবার তাঁকে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইডি সূত্রে খবর, কয়লা পাচার চক্রে ‘প্রোটেকশন মানি’ লেনদেনের অভিযোগের সঙ্গে মনোরঞ্জন মণ্ডলের নাম জড়িয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। সেই সূত্র ধরেই এদিন তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়।

গত মাসেও কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁর বাড়িতে অভিযান চালিয়েছিলেন। সে সময় তিনি বুদবুদ থানার ওসি পদে কর্মরত ছিলেন। পরে তাঁকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়।
বুধবার অভিযানের সময় মনোরঞ্জন মণ্ডল বাড়িতে ছিলেন কি না, তা স্পষ্ট নয়। ইডি আধিকারিকরা পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে। নোটিশে বলা হয়েছে, শুক্রবার দুপুর ১টার মধ্যে তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে হবে।