Popular Posts

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

শ্রেয়া সেনগুপ্ত: মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ ও মালদহ জেলার বিস্তীর্ণ এলাকা প্রতিবছর গঙ্গার ভাঙনে তলিয়ে যাচ্ছে। নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের হলেও ভাঙনপ্রবণ এলাকাগুলিতে কোনও কার্যকর উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ভাঙন রুখতে কেন্দ্রের নিষ্ক্রিয়তার প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-এর কাছে জবাব দাবি করলেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী Mamata Banerjee।


মুর্শিদাবাদের Samsherganj-এ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, ভগবানগোলা ও লালগোলা—এই বিস্তীর্ণ অঞ্চল গঙ্গা ভাঙনের কবলে। অথচ কেন্দ্রের অধীনে থাকা Farakka Barrage-এ নিয়মিত ড্রেজিং না হওয়ায় পলি জমে জলধারণ ক্ষমতা কমে গিয়েছে। ফলে প্রতি বছর বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ, লোহাপুর ও ধানগড়া গ্রামের বহু মানুষ ভাঙনের ফলে জমি, বাড়ি ও জীবিকা হারাচ্ছেন। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু বারবার অনুরোধ সত্ত্বেও কেন্দ্রের তরফে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।


তিনি বলেন, নদীর স্বাভাবিক গতি পুরোপুরি রোধ করা সম্ভব নয়। তবে ভাঙন কমানোর জন্য রাজ্য সরকার ‘নদীবন্ধন’ প্রকল্প নিয়ে গবেষণা শুরু করেছে, যাতে ভবিষ্যতে বিকল্প সমাধানের পথ খোঁজা যায়। তাঁর অভিযোগ, গঙ্গা ভাঙন রোধের পরিকল্পনা, বন্যা নিয়ন্ত্রণ বা গঙ্গা রিভার কমিশনের কাজ—কোনও ক্ষেত্রেই কেন্দ্র কার্যকর উদ্যোগ নিচ্ছে না।


সভা থেকে কেন্দ্রকে কটাক্ষ করে মমতা বলেন, নির্বাচনের সময় ভোট চাইতে বাংলায় এলেও সাধারণ মানুষের বিপদের সময়ে কেন্দ্রীয় নেতাদের দেখা মেলে না। গঙ্গা ভাঙনে মানুষের প্রাণ ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলেও ড্রেজিং বা স্থায়ী সমাধানের বিষয়ে কেন্দ্র কোনও উদ্যোগ নিচ্ছে না বলেও দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *