Popular Posts

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দপ্তরে

সুমিত দে, কলকাতা:আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক ব্যবস্থাপনা কতটা প্রস্তুত, তা পর্যালোচনার উদ্দেশ্যেই এই বৈঠক ডাকা হয়েছিল বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক এন কে মিশ্র, রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্ত, আইনশৃঙ্খলা বিভাগের এডিজি অজয় মুকুন্দ রানাডে এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দ-সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক। এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও ট্রাফিক বিভাগের আইজি-সহ সংশ্লিষ্ট দফতরের গুরুত্বপূর্ণ কর্তাদের উপস্থিতি ছিল বৈঠকে।


কমিশন সূত্রে খবর, বৈঠকে মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের সম্ভাব্য রূপরেখা, সংবেদনশীল এলাকা চিহ্নিতকরণ এবং সামগ্রিক নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভোটের আগে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সেই বিষয়েও আলোকপাত করা হয়েছে।
বৈঠক শেষে রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্ত জানান, রাজ্যের হাতে বর্তমানে মোট কত সংখ্যক পুলিশ বাহিনী রয়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের তরফে চাওয়া হয়েছে। ওই তথ্যের ভিত্তিতেই কেন্দ্রীয় বাহিনীর চূড়ান্ত মোতায়েন পরিকল্পনা নির্ধারণ করা হবে।


ইতিমধ্যেই রাজ্যে দুই দফায় ভোটের সূচি ঘোষণা হয়েছে। সেই প্রেক্ষিতে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করতে নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। প্রশাসনিক মহলের মতে, আসন্ন নির্বাচনের সার্বিক প্রস্তুতি প্রক্রিয়ায় এই বৈঠক একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *