1
1
সুমিত দে, কলকাতা:
সামনেই দোল পূর্ণিমা ও হোলি। বসন্তের এই রঙের উৎসবকে সামনে রেখে রাজ্য সরকারের উদ্যোগে সোমবার, ২ মার্চ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য মহামিলন উৎসবের। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক মহলের মতে, দোল ও হোলির যুগল উদযাপনকে কেন্দ্র করে এদিনের অনুষ্ঠান সম্প্রীতির এক বৃহৎ মঞ্চে পরিণত হবে।
সংস্কৃতির মেলবন্ধনে রঙিন সন্ধ্যা
নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিনের আয়োজনে বাংলার নিজস্ব সংস্কৃতির পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তের লোকনৃত্যের পরিবেশনা থাকবে। মঞ্চে দেখা যাবে ভাঙরা, গরবা, ডান্ডিয়া ও রাজস্থানি নাচের মতো জনপ্রিয় উপস্থাপনা। বিহারি সম্প্রদায়ের পক্ষ থেকেও বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার পরিকল্পনা রয়েছে। শহরের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই উৎসবে শামিল হবেন বলে আশা প্রশাসনের।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার সদস্য, শীর্ষ প্রশাসনিক আধিকারিক ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।
সম্প্রীতির বার্তা
সূত্রের খবর, এই রঙিন মঞ্চ থেকেই ফের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেবেন মুখ্যমন্ত্রী। তাঁর সরকারের মূল অবস্থান—বাংলায় বিভেদ বা উস্কানির রাজনীতিকে কোনওভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। বছরভর বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে অংশগ্রহণের ধারাবাহিকতারই অংশ হিসেবে দেখা হচ্ছে এই আয়োজনকে।
প্রশাসনিক ঘোষণা সম্ভব
শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, সোমবারের মঞ্চ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপের ঘোষণাও হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। অভিযোগ অনুযায়ী এসআইআর বা ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত আতঙ্কে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হতে পারে। পাশাপাশি রাজ্যের
একাধিক জনমুখী প্রকল্পের উদ্বোধনও হতে পারে।
সব মিলিয়ে দোল-হোলির প্রাক্কালে নেতাজি ইনডোর স্টেডিয়ামের অনুষ্ঠান ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ইতিমধ্যেই উৎসবের আমেজ তৈরি হয়েছে।