1
1
শ্রেয়া সেনগুপ্ত, মুম্বাই: গত কয়েক মাস ধরেই অভিনেত্রী কৃতিকা কামরা ও গৌরব কপূরের বিয়ে নিয়ে জোর জল্পনা চলছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। আগামী ১১ মার্চ চার হাত এক হচ্ছে এই দুই তারকার।
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বিয়ের অনুষ্ঠানটি একেবারেই ব্যক্তিগত রাখতে চান কৃতিকা ও গৌরব। তাই পরিবার এবং খুব ঘনিষ্ঠ কয়েক জন বন্ধুকে নিয়েই আয়োজন করা হয়েছে বিয়ের আসর। মুম্বইয়ে গৌরবের বাড়িতেই বসবে সেই আয়োজন। তবে বিয়ের পরদিন, অর্থাৎ ১২ মার্চ, অতিথিদের জন্য একটি বিশেষ পার্টির ব্যবস্থাও রেখেছেন তাঁরা।
এরই মধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে কৃতিকা ও গৌরবের বিয়ের আমন্ত্রণপত্র। সেই কার্ড একেবারেই প্রচলিত বিয়ের নিমন্ত্রণপত্রের মতো নয়। সাদা-কালো রঙে সাজানো সরল ডিজাইনের কার্ডে যুগল যৌথভাবে লিখেছেন—
“আমরা আমাদের বিবাহিত জীবনের শুরুটা আপনাদের সঙ্গে উদ্যাপন করতে চাই। শান্তভাবে, কোনও তাড়াহুড়ো না করে। তাড়াতাড়ি আসবেন, আমাদের সঙ্গে পুরো রাতটা কাটাবেন।”

অর্থাৎ চিরাচরিত প্রীতিভোজের বদলে অতিথিদের সঙ্গে রাতভর উদ্যাপনের পরিকল্পনাই করেছেন এই তারকা যুগল।
উল্লেখ্য, ২০০৯ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘কিতনি মহব্বত হ্যায়’-এ অভিনেতা কর্ণ কুন্দ্রার সঙ্গে জুটি বেঁধে পরিচিতি পান কৃতিকা। সে সময় তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শোনা গেলেও কখনও প্রকাশ্যে কিছু স্বীকার করেননি কেউই।
অন্যদিকে, গৌরব কপূর ২০১৪ সালে মডেল-অভিনেত্রী কিরত ভট্টলকে বিয়ে করেছিলেন। তবে সেই সম্পর্কে বহু আগেই ভাঙন ধরেছিল। সম্প্রতি তাঁদের আইনি বিচ্ছেদেও সিলমোহর পড়েছে বলেই জানা গিয়েছে।
এবার নতুন অধ্যায় শুরু করতে চলেছেন কৃতিকা ও গৌরব। ঘনিষ্ঠদের উপস্থিতিতেই সেই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চান তাঁরা।