Popular Posts

“বেঁচে আছেন, অথচ তালিকায় মৃত” — SIR ইস্যুতে ধর্নামঞ্চ থেকে কাদের ‘প্যারেড’ করানোর কথা বললেন মুখ্যমন্ত্রী?

সুমিত দে, কলকাতা:SIR ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নামঞ্চে পৌঁছে তীব্র ভাষায় বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেন তিনি। তাঁর পাশে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম এবং সুজিত বসু।
ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন,
“যাঁদের SIR তালিকায় মৃত দেখানো হয়েছে, তাঁদের পরিবারের সদস্যরাও আসবেন। কিন্তু যারা বেঁচে আছেন, অথচ তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে—তার চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। নির্লজ্জ, বেহায়া বিজেপি পার্টি এবং তাঁদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি। তাই আমরা খুঁজে বের করি। যাঁরা বেঁচে থেকেও তালিকায় মৃত, তাঁদের আমি এখানে প্যারেড করাবো।”
সূত্রের খবর, প্রতিবাদ আরও জোরদার করতে রাতেও ধর্নামঞ্চে থাকতে পারেন মুখ্যমন্ত্রী। এর আগেও SIR ইস্যুতে পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের কর্তাদের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি বিষয়টি সুপ্রিম কোর্টেও উত্থাপন করেছেন।


উল্লেখ্য, সম্প্রতি বারুইপুরে ‘ভূত’ হাঁটিয়ে প্রতীকী প্রতিবাদ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ ছিল—অনেক জীবিত ভোটারের নাম খসড়া তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে। সেই ইস্যুতেই নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। সেখানে দেখা যায়, প্রায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও ‘বিবেচনাধীন’ রয়েছে। এরপরই ১ মার্চ সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না নতুন নয়। বিরোধী নেত্রী থাকাকালীন সিঙ্গুরে জমি অধিগ্রহণের প্রতিবাদে এখানেই দীর্ঘ অনশন করেছিলেন তিনি। আবার মুখ্যমন্ত্রী হওয়ার পর ২০১৯ সালে সারদা মামলায় পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে CBI তল্লাশির প্রতিবাদেও আচমকা এই মেট্রো চ্যানেলেই ধর্নায় বসেন তিনি।
তবে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন,
“মমতা বন্দ্যোপাধ্যায় এখন ধর্নার প্র্যাকটিস করছেন। কারণ ভবিষ্যতে যখন উনি বিরোধী দলনেত্রী হবেন, তখন বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধর্নায় বসতে হবে। তাই এখন থেকেই প্র্যাকটিস শুরু করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *