1
1
শ্রেয়া সেনগুপ্ত, মুর্শিদাবাদ
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টার মধ্যেই নেত্রীর নির্দেশ শিরোধার্য করে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন ফরাক্কার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। সোমবার তিনি স্পষ্ট জানিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত মেনে আলাদা করে নির্বাচন লড়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
একই সঙ্গে তিনি জানান, ফরাক্কার তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলামের হয়ে এবার তিনি নির্বাচনী প্রচারে নামবেন।
প্রসঙ্গত, দলবিরোধী কোনও কাজ করলে সে যত বড় নেতাই হোক না কেন, তাকে রেয়াত করা হয় না তৃণমূল কংগ্রেসে—এমন অবস্থান আগেও একাধিকবার স্পষ্ট করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের মর্যাদার প্রশ্নে কড়া পদক্ষেপ নিতেও তাঁকে বারবার দেখা গিয়েছে। ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের ক্ষেত্রেও সেই অবস্থানই বজায় রাখলেন তিনি।

দলের বিরুদ্ধে গিয়ে ফরাক্কা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মনিরুল ইসলাম। পরে জনসভা থেকে তাঁকে প্রার্থীপদ প্রত্যাহারের অনুরোধ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি স্পষ্ট হুঁশিয়ারিও দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেছিলেন,
“ফরাক্কার বিধায়ককে বলছি, শুনেছি তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমি তাঁকে বলছি ওটা প্রত্যাহার করে নিতে। না করলে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানকে বলছি, দল থেকে ওকে বহিষ্কার করতে।”
এই বার্তার পরই অবশেষে প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন মনিরুল ইসলাম। এখন তিনি দলের প্রার্থীর জয় নিশ্চিত করতে প্রচারে নামবেন বলেই জানিয়েছেন।