1
1
শ্রেয়া সেনগুপ্ত, মালদহ
বিধানসভা নির্বাচনের আগে মালদহে নেতাজির মূর্তিকে ঘিরে তীব্র বিতর্ক। অভিযোগ, মানিকচকে স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা Subhas Chandra Bose-এর মূর্তিতে গেরুয়া পতাকা লাগিয়ে অসম্মান করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিকচক বাসস্ট্যান্ড এলাকায় একটি ধর্মীয় শোভাযাত্রার সময় নেতাজির মূর্তিতে বিজেপির পতাকা লাগানো হয়। অভিযোগ, মূর্তির গায়ে উঠে নেতাজির হাতের মুঠোয় গুঁজে দেওয়া হয় গেরুয়া পতাকা। পাশাপাশি সেখানে টাঙানো জাতীয় পতাকা বেঁধে রাখার স্টিকও ভেঙে দেওয়া হয় বলে দাবি স্থানীয়দের।
ঘটনার সময় মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী Gour Chandra Mondal ওই ধর্মীয় মিছিলে উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, তাঁর মদতেই অনুগামীরা এই কাজ করেছে।

এই ঘটনার জেরে মানিকচকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, নেতাজিকে অপমান এবং জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্য Derek O’Brien নির্বাচন কমিশনের কাছেও লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন।
অন্যদিকে বিজেপির তরফে দাবি করা হয়েছে, রামনবমীর শোভাযাত্রা চলাকালীন ভিড়ের মধ্যে কে কী করেছে তা নেতৃত্বের জানা নেই। তবে বিরোধীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে এবং জাতীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।
এছাড়াও অভিযোগ উঠেছে, শোভাযাত্রার সময় মানিকচক বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূল কংগ্রেসের পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয় এবং কিছু জায়গায় তা বিকৃত করা হয়। সূত্রের খবর, ধর্মীয় শোভাযাত্রার সময় রাজনৈতিক স্লোগানও দেওয়া হয়। একাধিক যুবকের হাতে ধারালো অস্ত্র ছিল বলেও অভিযোগ উঠেছে। তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে মুখ্যমন্ত্রীর ছবিও ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডলের উসকানিতেই এই সমস্ত ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।