Popular Posts

অসাংবিধানিক এসআইআরের অভিযোগে সংসদে তৃণমূলের প্রতিবাদ, রাজ্যসভা থেকে ওয়াকআউট

সুমিত দে,নয়াদিল্লি: এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক এবার কলকাতার রাজপথ ছাড়িয়ে পৌঁছে গেল সংসদে। ভোটাধিকার খর্বের অভিযোগ তুলে মঙ্গলবার রাজ্যসভায় সরব হল তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানানো হলেও তা খারিজ হওয়ায় প্রতিবাদস্বরূপ রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদেরা।
তৃণমূলের অভিযোগ, এসআইআরের নামে ভোটার তালিকার নিবিড় সংশোধনের আড়ালে সাধারণ মানুষের ন্যায্য ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এই ইস্যুতেই প্রথম থেকেই সরব ছিল দলটি। এবার সেই প্রতিবাদের সুরে শামিল হয় কংগ্রেস, সমাজবাদী পার্টি (সপা), ডিএমকে-সহ একাধিক বিরোধী দল।


মঙ্গলবার রাজ্যসভায় ‘পয়েন্ট অফ অর্ডার’ তুলে এসআইআরের তীব্র সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে সকলেই একমত হলেও, যে নির্বাচন কমিশনার এই প্রক্রিয়া পরিচালনা করছেন তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন রয়েছে। ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে সংসদে অবিলম্বে আলোচনা হওয়া উচিত বলেও দাবি জানান তিনি।
ডেরেক ও’ব্রায়েনের বক্তব্যকে সমর্থন করেন কংগ্রেসের রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। তাঁর অভিযোগ, এসআইআরের নামে বিভিন্ন রাজ্যে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম চলছে। বাংলা, তামিলনাড়ু এবং বিহারসহ একাধিক রাজ্যে ভোটারদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।


এদিকে, এই ইস্যুতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ধরনায় বসেছেন। সংসদ ও রাজ্য— দুই স্তরেই এসআইআর নিয়ে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র আকার নিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *